২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও ২ ইসি ১ সপ্তাহের মধ্যে পদত্যাগ না করলে অপসারণ করুন: রাষ্ট্রপতির প্রতি ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন দুই নির্বাচন কমিশনারকে (ইসি) আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। পাশাপাশি তারা এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে আদালতের রায় উপেক্ষা, ভুয়া ভোটার তালিকা প্রস্তুত এবং অসাংবিধানিক কার্যকলাপের অভিযোগে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ গঠন করে তাদের অপসারণের জন্যে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ভুয়া ভোটার তালিকা প্রত্যাখ্যান দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

বিরোধী দলের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আদালতের মাধ্যমে তাদের অপসারণের ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ১৪ দল নেতৃবৃন্দ। 

তারা সিইসি এবং দুই ইসিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আর প্রবেশ না করার পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় বাংলার মানুষ রাজপথে আপনাদের বেইজ্জতি করলে এর জন্যে প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন।

নেতৃবৃন্দ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বাস্তবায়ন ছাড়া এবং বর্তমান সিইসি ও দুই কমিশনারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। 

১৪ দল আয়োজিত এ সমাবেশ শেষে ‘ভুয়া ভোটার তালিকায়’ অগ্নিসংযোগ করে বহ্নি উৎসব পালন করা হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি রাষ্ট্রপতির পদ দখল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-- এ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষাক্ত নিঃশ্বাসে রাষ্ট্রপতি অসুস্থ হয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধ করুন। প্রকৃত অবস্থা কী-- তা দেশবাসীকে জানাতে হবে।

সিইসি ও দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে বাংলার মানুষ ভালো করেই জানে কী করে পদত্যাগে বাধ্য করাতে হয়।

ষড়যন্ত্র করে জালিয়াতির নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত জোটের  আবারও ক্ষমতায় আসার চক্রান্ত প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুর রহমান, অ্যাডভোকেট সাহারা খাতুন, কামাল আহমেদ মজুমদার, আলহাজ্ব মকবুল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম, কাজী মোস্তাক এলেন, ন্যাপের এমএ গণি, গনতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান ও হাজেরা সুলতানাসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।