বেসরকারি আবাসন কোম্পানিগুলোর প্লট ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয় নীতিমালা’ প্রণয়ন হচ্ছে
বেসরকারি আবাসন কোম্পানিগুলোর প্লট ও ফ্ল্যাট ক্রয় ও বিক্রয়ে জটিলতা এড়াতে শাস্তির বিধান করে ‘বেসরকারি অ্যাপার্টমেন্ট (ফ্লাট) ক্রয়--বিক্রয় নীতিমালা’ প্রণয়ন করা হচ্ছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি নীতিমালার একটি খসড়া প্রস্তুত করে বৃহস্পতিবার মন্ত্রণালয়কে দিয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনের কমিটি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বৃহস্পতিবার খসড়া নীতির ওপর বিস্তারিত আলোচনা হয়। এর আগে সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে গঠিত একটি উপ কমিটি নীতিমালার খসড়াটি কমিটির কাছে হস্তান্তর করে।
বৈঠক শেষে উপ কমিটির সদস্য আওয়ামী লীগের নূর এ আলম চৌধুরী লিটন সাংবাদিকদের জানান, ৮০’র দশকে দেশে বেসরকারি আবাসন ব্যবসা শুরু হলেও এদের নিয়ন্ত্রণে কোনো নীতিমালা ছিল না। ফলে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের প্রতারিত করে আসছিল।
তিনি জানান, কোনো নীতিমালা না থাকায় তারা ক্রেতাদের মাত্র একটি কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই সমূদয় অর্থ বাজেয়াপ্ত করে দিত। ফলে সাধারণ ক্রেতারা জটিলতার শিকার হচ্ছিল। ওই অবস্থা থেকে উত্তরণে এ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ নীতিমালা প্রণীত হলে ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষই লাভবান হবে।
কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী সাংবাদিকদের জানান, কমিটি খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়কে দিয়েছে। মন্ত্রণালয় এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটি চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করবে। এতে বেসরকারি আবাসনের ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বার্থ রক্ষা করা হয়েছে এবং শাস্তিরও বিধান রাখা হয়েছে।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাসসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত খসড়া নীতিমালায় প্লট বা ফ্ল্যাটের মূল্য পরিশোধের চারমাসের মধ্যেই গ্রহিতার কাছে রেজিস্ট্রেশনসহ মালিকানা হস্তান্তর, কোনো ক্রেতা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তার বরাদ্দ বাতিলের আগে তিন মাসের সময় দিয়ে নোটিশ প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো কোম্পানি দখল বুঝিয়ে দিতে না পারলে গ্রহিতাকে তিন মাসের মধ্যে ব্যাংকের সুদসহ সমূদয় অর্থ ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে।
