২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদ দখলে নিয়ে ভোট কারচুপির ব্যবস্থা পাকা করার ষড়যন্ত্র করছেন: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে  ‘রাষ্ট্রপতির পদ দখলের ষড়যন্ত্রের’ অভিযোগ এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সৃজনশীল প্রকাশক প্রতিনিধি দলের সঙ্গে বুধবার এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, জনগণের ওপর কোনো ভরসা নেই বলেই ভোট কারচুপির ব্যবস্থা পোক্ত করতে রাষ্ট্রপতিকে মেরে ফেলে নিজেই ওই চেয়ারে বসার দুরভিসন্ধি করছেন। কিন্তু প্রধানমন্ত্রীর ভোট কারচুপির এমন পরিকল্পনা এবং ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় শেখ হাসিনা বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত ও ব্যর্থ বিএনপি--জামাত জোট সরকার ইচ্ছেকৃতভাবে দেশে চরম অরাজকতা ও  নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার স্বামীর মতোই রাষ্ট্রপতিকে সরিয়ে সেই পদ দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নইলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আসার পরই তিনি (রাষ্ট্রপতি) এমন অসুস্থ হয়ে পড়লেন কেন? এটি রাষ্ট্রপতিকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে ওই পদ দখলের  একটি  দুরভিসন্ধি বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ প্রধান বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি বিচারপতি সায়েমকে বলেছিলেন, আপনি অসুস্থ। পদ ছেড়ে দিন। বিচারপতি সায়েম প্রথমে রাজি না হলে জিয়া অস্ত্র দেখিয়ে সেই পদ দখলে নেন।

তিনি বলেন, বর্তমান জোট সরকারের আমলেও রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে পদ ছাড়তে হয়েছে। তার কপালে জোটে ‘তাড়া খেয়ে রেল লাইন পার হওয়া’ আর ‘বাড়িতে আগুন’। আর এখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেলেন। অমনি অসুস্থ হয়ে পড়লেন তিনি। আসলে দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তিনি (প্রধানমন্ত্রী)?-- প্রশ্ন করেন শেখ হাসিনা।