নজরুলের ১০৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
দিনটি উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চার দিনের বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ে মূল কর্মসূচি পালিত হবে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। এছাড়া দিনটি উপলক্ষে আলোচনা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।
ঢাকার নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গনে ‘নজরুল বই মেলা’ শিরোনামে তিনদিনের একটি বই মেলার আয়োজন করা হয়েছে।
মেলাটি ২৬ থেকে ২৯ মে প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
একই স্থানে ‘ধ্রুব’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এছাড়া ‘ত্রিশালে নজরুল’ এবং ‘কুমিল্লায় নজরুল’ এ দুটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন।
কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার চারুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। নজরুল তার শক্তিশালী লেখনীর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মানুষকে লড়াই করার শক্তি যুগিয়েছিলেন।
তার আপোসহীন ভূমিকা এবং বিদ্রোহী কবিতার মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করার কারণে তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছে।
কবির গান ও কবিতা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে।
