২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির ৩৩০ কোটি টাকার ১৬৯২টি অডিট আপত্তি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে সংসদীয় কমিটির তাগিদ

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ট্রেডিং করপোরেশনের (টিসিবি) প্রায় ৩৩০ কোটি টাকার এক হাজার ৬৯২টি অডিট আপত্তি আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে টিসিবিকে তাগিদ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

একই সাথে ওই প্রতিষ্ঠানটি ২০০১ - ০২ অর্থবছরে ১০২ কোটি ৭৬ লাখ টাকা লাভ করার পরও ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত কোনো আমদানি না করায় বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে সক্রিয় করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়।

বৈঠকে টিসিবির চেয়ারম্যান জানান, ২০০১ - ০২ অর্থবছরে টিসিবি ১১৩ কোটি ৫৪ লাখ টাকা আয় এবং ১০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় করেছে। ওই সময় টিসিবি ৩৬ হাজার মেট্রিক টন চিনি ও এক লাখ কার্তুজ আমদানি করেছে। কিন্তু ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টিসিবির মাধ্যমে কোনো আমদানি হয়নি।

তিনি জানান, বর্তমানে টিসিবির হাতে নিজস্ব আয়ের প্রায় ১০০ কোটি টাকা রয়েছে। এ টাকা ব্যাংকে পড়ে রয়েছে। টিসিবি কোনো আমদানি না করলেও নিজস্ব অবকাঠামোর নির্মাণ কাজ করছে। এর মধ্যে চার কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ঢাকায় টিসিবি সদর দপ্তরের পাঁচ ও ছয়তলার নির্মাণ কাজ এবং চট্টগ্রামে তিন কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে একটি স্টোর রুম নির্মাণ করা হচ্ছে।

কমিটির সদস্যরা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতির সময় লাভজনক এ প্রতিষ্ঠানটিকে অকার্যকর রাখায় ক্ষোভ প্রকাশ করে একে সক্রিয় করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

একই সাথে টিসিবিকে বিধি মোতাবেক নির্মাণ কাজ বাদ দিয়ে বাজার নিয়ন্ত্রণে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাংসদ ফারুক খান সাংবাদিকদের জানান, সরকার বাণিজ্য মন্ত্রণালয়ে সিন্ডিকেটের কথা বললেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই সাথে টিসিবির মতো একটি লাভজনক প্রতিষ্ঠানকে অকার্যকর রেখে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করেছে। সিন্ডিকেটকে সহায়তা করতে সরকার এটা করেছে।

কমিটির সভাপতি আব্দুল আলীম সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কার্যকর করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেনো দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা যায়।