রাষ্ট্রপতি সিএমএইচে ভর্তি, বুধবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিকেল বোর্ড রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদকে বাণিজ্যিক ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে না নিয়ে যাওয়ার সুপারিশ করেছে।
ঢাকা থেকে একটি নিয়মিত ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় মেডিকেল বোর্ড বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়ার ব্যাপারে মতামত দিয়েছে বলে সূত্র জানিয়েছে।।
সংশি¬ষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, এরআগে রাষ্ট্রপতিকে এয়ার অ্যাম্বুলেন্স’এ সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সিএমএইচ’এ ভর্তি হন।
রাষ্ট্রপতি সিএমএইচ’এ ভর্তি হওয়ার পর তার প্রেসসচিব মোখলেসুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাকে (রাষ্ট্রপতি) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্র জানায়, বিশ্ববিখ্যাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স রিক্যুজিশন দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির চিকিৎসার জন্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন - সিএমএইচের জেনারেল রব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সালাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মালেক এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল বাহার।
অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াসহ অন্যান্য মন্ত্রী ও তিন বাহিনী প্রধান সিএমএইচে যান।
তারা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
