২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সিএমএইচে ভর্তি, চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিকেল বোর্ড রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে একটি নিয়মিত ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, রাষ্ট্রপতি যদি মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যেতে না পারেন তাহলে বুধবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতে পারে।

এরআগে রাষ্ট্রপতিকে এয়ার অ্যাম্বুলেন্স’এ সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা ছিলো।

কিন্তু সূত্র জানায়, জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সিএমএইচ’এ ভর্তি হন।

রাষ্ট্রপতি সিএমএইচ’এ ভর্তি হওয়ার পর তার প্রেসসচিব মোখলেসুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাকে (রাষ্ট্রপতি) পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে তাকে দেশের বাইরে পাঠানো হতে পারে।

সূত্র জানায়, বিশ্ববিখ্যাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স রিক্যুজিশন দেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রপতির চিকিৎসার জন্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেনÍসিএমএইচের জেনারেল রব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সালাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মালেক এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল বাহার।

অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াসহ অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সিএমএইচে যান।

তারা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।