পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জন্য ট্রেড ইউনিয়নের অনুপস্থিতিকেই দায়ী করলেন নেতৃবৃন্দ
হাজার হাজার পোশাক শ্রমিকের মঙ্গলবারের ধর্মঘট ও একের পর এক পোশাক কারখানায় জ্বালাও পোড়াও আন্দোলনের প্রেক্ষিতে দেশের শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ খাতটিতে ট্রেড ইউনিয়নের অনুপস্থিতির কারণেই বড় ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার সাংবিধানিক অধিকার। এ অধিকার লঙ্ঘন করে এতবড় একটি শিল্প চলছে সে অবস্থায় এ ধরনের ঘটনা যে ঘটতে পারে তা অবাস্তব কোনো ব্যাপার নয়। পোশাক কারখানার মালিকরা ইউনিয়ন করতে শ্রমিকদের অনুমতি দিলে এ ধরনের অসন্তোষ দেখা দিত না।
ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও বামপন্থী সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুগত শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে স্কপ গঠিত হয়েছে।
ডাঃ ওয়াজেদুল ইসলাম বলেন, দেশে পোশাক শিল্পের বিকাশের পর থেকেই সে খাতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আদায়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু মালিকদের অপরিণামদর্শী দৃষ্টিভঙ্গির কারণে শ্রমিকরা কিছুই পায়নি।
তিনি বলেন, ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক অধিকার মালিকপক্ষ ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে। আর তার পরিণতি এ পর্যায়ে পৌঁছে গেছে। কারখানায় ইউনিয়ন থাকলে সংলাপের মাধ্যমে মালিকপক্ষ সব সমস্যার সমাধান করতেন।
তিনি বলেন, আমি বলতে চাই, শ্রমিকরা যা করছে তা তাদের ওপর দমন ও নির্যাতন এবং তাদের অধিকার লঙ্ঘনেরই প্রতিবাদ।
এ ধরনের অসন্তোষ দীর্ঘমেয়াদি হতে পারে বলে স্কপ আশঙ্কা করছে। কারখানায় ট্রেড ইউনিয়ন করতে শ্রমিকদের অনুমতি দিতে মালিকপক্ষ ও সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তারা কেউ বিষয়টিকে পাত্তা দেয়নি।
স্কপের সমন্বয়ক বলেন, কারখানায় ট্রেড ইউনিয়ন থাকলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান বলেন, আমি বিশ্বাস করি বর্তমান শ্রমিক অসন্তোষ হবে মালিকপক্ষের জন্যে প্রকৃত শিক্ষা। শ্রমিকদের অধিকারের ব্যাপারে তারা এখন থেকে আরও বেশি যত্মবান হবে।
তিনি বলেন, কিন্তু তাদের এ শিক্ষা পেতে যথেষ্টই মূল্য দিতে হলো।
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বলেন, এটা নতুন কোনো সংকট নয়। দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। আর তাদের দুই সহকর্মীকে হত্যার ঘটনার পর সে অসন্তোষের বিস্ফোরণ ঘটেছে মাত্র।
উদ্ভুত পরিস্থিতির জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) দায়ী করে তিনি বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিস্থিতিকে আরও বেশি জটিল করেছে। আর এর ফলে সার্বিক গোলযোগ দেখা দিয়েছে।
রায় রমেশ চন্দ্র বলেন, সংলাপ ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সহজেই সামাল দেওয়া যেত। কিন্তু এ ব্যাপারে মালিকপক্ষের আচরণ শিল্পপতিদের মতো ছিল না।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে সমস্যার সমাধান করতে সমঝোতা ও সংলাপের সুযোগ এখনও রয়েছে। কিন্তু তার জন্য বিজিএমইএকেই প্রথমে উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ভিন্ন দৃষ্টিকোণ থেকে মালিকপক্ষ পরিস্থিতি সামাল দিতে পারতো।
তিনি বলেন, শ্রমিকরা নয়, ত্রুটিপূর্ণ আচরণের মাধ্যমে মালিকরা পোশাক শিল্পের আরও বেশি ক্ষতিসাধন করছে।
নেতৃস্থানীয় কলাম লেখক ও সাবেক সাংবাদিক ইউনিয়ন নেতা কামাল লোহানী বলেন, পোশাক খাতে সিবিএ’র মতো দরকষাকষি করার জন্য নির্বাচিত কোনো প্রতিনিধি না থাকায় পরিস্থিতির অবনতি ঘটেছে।
যথাসময়ে বিষয়টি আমলে না নেওয়ার জন্য কামাল লোহানী সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন, কানসাটের অভিজ্ঞতার পর উচ্চ ঝুঁকিপূর্ণ যে খাতে সমস্যার দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, তা আমলে আনা সরকারের উচিৎ ছিল। কিন্তু তা হয়নি। আর তা না হওয়ার ফলাফল আমরা এখন দেখতেই পাচ্ছি।
