২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার পরবর্তী শুনানি ১২ জুন

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণে সুপ্রীম কোর্টের ১২ দফা নির্দেশনা অমান্য করা এবং সর্বোচ্চ আদালতের আদেশ বিকৃত করায় ১৩ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রীম কোর্টের জারিকৃত আদালত অবমাননার পরবর্তী শুনানি ১২ জুন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় মামলাটি দ্বিতীয় স্থানে ছিল।

আদালতের ১২ দফা নির্দেশনা মেনে নেওয়ার ক্ষেত্রে সরকারের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্জ আগামী ১২ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী তার উপস্থাপনায় আদালতকে জানান, রাষ্ট্রপতি পে কমিশন রুল অনুমোদন করেছেন এবং সুপ্রীম কোর্টের নির্দেশনা অনুসারে সরকার ইতোমধ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করেছে।

বিচার বিভাগ পৃথক করণ মামলায় আদালতের আদেশ বিকৃত করার অভিযোগে ২০০৪ সালের ২৯ নভেম্বর সুপ্রীম কোর্ট যে নয়জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ জারি করেছেন তারা সোমবার আদালতে উপস্থিত ছিলেন।

অভিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা হলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মো. আব্দুল রব হাওলাদার, উপসচিব মো. আবুল কালাম চৌধুরী, ঊর্ধ্বতন সহকারী সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম তালুকদার, ঊর্ধ্বতন সহকারী সচিব মো. হারুন-অর রশিদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোতালেব হোসেন।

আগামী ১২ জুন তাদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মাজদার হোসেন মামলার মধ্যস্থতাকারী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম আনীত আদালত অবমাননা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপন সচিব ড. মাহমুদুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ জারি করেন।

চার কর্মকর্তার মধ্যে তিনজনই ২৪ এপ্রিল ১২ দফা নির্দেশনা মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের আইনজীবীর মাধ্যমে সর্বোচ্চ আদালতের কাছে ‘অনভিপ্রেত ভুলের’ জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ক্ষমা প্রার্থনা করে আদালতের জারি করা আদেশের জবাবে কোনও ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন সংস্থাপন সচিব ড. মাহমুদুর রহমান।