২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইপিজেড রণক্ষেত্র: শ্রমিক সংঘর্ষ, ২টি কারখানায় আগুন, ভাংচুর, আহত শতাধিক

সাভারের আশুলিয়ায় সোমবার দুপুরে ১১ দফা দাবিতে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের ওপর মালিক পক্ষের নির্যাতনের জের ধরে ওই এলাকা এবং ডিইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরির বিক্ষুব্ধ শ্রমিকরা শতাধিক ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তারা দুটি ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ করলে একটি পুড়ে ছাই হয়ে যায়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

শ্রমিকদের সাথে আনসার ও পুলিশের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে শ্রমিকরা টঙ্গী--আশুলিয়া সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা শতাধিক যানবাহন ভাংচুর করে।

সূত্র জানায়, সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জামগড়ার চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিভার্স নিটিং ফ্যাক্টরি লি.--এর প্রায় দুহাজার শ্রমিক মজুরি বৃদ্ধি, ওভার টাইমের বিল প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের জন্যে গত মাস খানেক ধরে আন্দোলন চালিয়ে আসছিল।

গত ১৫ মে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ফ্যাক্টরি তিনদিনের জন্যে বন্ধ করে দেয়। এ অবস্থায় দাবি পূরণের সময়সীমা পেরিয়ে গেলে ২০ মে বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরির সামনে সমবেত হয়। ওইদিন কর্তৃপক্ষের কেউ না আসায় শ্রমিকরা সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা দাবি মেনে নেয়ার জন্যে ২১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়।

এদিকে ২১ মে বিকেলে শ্রমিকরা মিছিল বের করলে ২০/২৫টি মোটর সাইকেল নিয়ে এসে সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা করে। এতে ২৫/৩০জন শ্রমিক আহত হয়। ওই রাতেই শ্রমিকরা মিছিল করে এসে দুঘন্টা থানা ঘেরাও করে রাখে। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা থানা চত্বর ছেড়ে চলে যায়।

একই এলাকার বান্দু ফ্যাশন ফ্যাক্টরির শ্রমিকরা ইউনিভার্স নিটিংয়ের শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে মিছিল নিয়ে ফ্যাক্টরির বাইরে আসতে চাইলে মালিক পক্ষের লোকজন শ্রমিকদের মারপিট করে। এ সংবাদ এলাকার অন্যান্য ফ্যাক্টরির শ্রমিকদের কাছে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা একত্রিত হয়ে বান্দু ফ্যাক্টরিতে হামলা চালায়। এসময় ফ্যাক্টরিটিতে ব্যাপক ভাংচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তারা ফ্যাক্টরির বাইরে মালবোঝাই কাভার্ড ভ্যানসহ সাতটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এরপর আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরাও বিক্ষোভে যোগ দিলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জামগড়া এলাকার শামী গ্রুপ, হামিম গ্রুপ, মেডলার ফ্যাক্টরি, শেড ফ্যাশন, ইউনিভার্স নিটিং, হলিউড, এনভয়, নূরজাহান ম্যানশন, স্কাইডেক্স, স্ট্যানিং, শাহজালাল ব্যাংকসহ বহু ফ্যাক্টরি ভাংচুর করে। একই সময় টঙ্গী--আশুলিয়া সড়কে ব্যাপক যানবাহন ভাংচুর করা হয়।

এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা জামগড়া থেকে মিছিল নিয়ে ডিইপিজেডের প্রধান ফটকের দিকে যায়। তাদের সাথে ডিইপিজেডের শ্রমিকরা যোগ দিতে চাইলে আনসার ও পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে এলোপাথাড়ি ভাংচুর শুরু করে। এক পর্যায়ে ইপিজেডের পুরাতন জোনে অবস্থিত তাইওয়ানের মালিকানাধীন এ--ওয়ান ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়।

এসময় একটি ফ্যাক্টরিতে তিন শ্রমিককে মেরে লাশ গুম করা হয়েছে-- এ গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরো বেপরোয়া হয়ে ওঠে। এসময় ইপিজেডের মূল ফটকে অবস্থানরত পুলিশ ও আনসার সদস্যদের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আনসার সদস্যরা শ্রমিকদের লক্ষ্য করে ১৫/১৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়। এছাড়া ধাওয়া--পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শতাধিক লোক আহত হয়।

গুলিবিদ্ধ শ্রমিকদের মধ্যে কালিয়াকৈরের আবুল বাশারকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় র‌্যাব ও পুলিশ পাহারায় ঢাকা পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক সাইফুল ইসলাম কল্লোলের মোটর সাইকেল ভাংচুর করা হয়।

বেপজার নিরাপত্তা কর্মকর্তা রেজাউল করিম জানান, এ ঘটনায় ১৫জন আনসার সদস্য আহত হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ, ভাংচুরের ঘটনায় নবীনগর--কালিয়াকৈর সড়ক; আশুলিয়া--টঙ্গী সড়ক এবং ঢাকা--আরিচা মহাসড়কের ডেইরি ফার্ম পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কগুলোতে আটকে পড়া যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলে বেলা ৩টার দিকে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ড. সাদেকুর রহমান ঘটনাস্থলে আসেন।   

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা চলছিল।