২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের রায় অমান্যের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জলিলের আদালত অবমাননা মামলা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি হাইকোর্টের আদেশ অমান্য করায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সোমবার আদালত অবমাননার মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

 মামলায়  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), দুই নির্বাচন কমিশনার (ইসি) এবং নির্বাচন কমিশন সচিবকে অভিযুক্ত করা হয়।

আদালত অবমাননা আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল নতুন ভোটার তালিকা প্রণয়নে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) বিচারপতি এমএ আজিজের একক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।

অভিযোগে আব্দুল জলিল বলেন, সিইসি বিচারপতি এমএ আজিজ, নির্বাচন কমিশনার (ইসি) বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়া এবং নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জকরিয়া প্রতিনিয়ত হাইকোর্টের আদেশ অমান্য করে আসছেন।

মামলার আবেদনে তিনি বলেন, নতুন ভোটার তালিকা প্রণয়নে ২০০০ সালে প্রণীত বিদ্যমান ভোটার তালিকা অনুসরণ করার ব্যাপারে হাইকোর্ট আদেশ জারি করা সত্ত্বেও অভিযুক্তরা হাইকোর্টের আদেশের সাথে একমত পোষণ করেননি। হাইকোর্টের আদেশে নির্বাচন কমিশনারদের জরুরি বৈঠক ডাকতে বলা হলেও এ বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনারদের কোনও বৈঠক ডাকা হয়নি।

আর্জিতে আরও বলা হয়, সিইসি ও ইসি সদস্যরা এবং নির্বাচন কমিশন সচিব হাইকোর্টের রায়ের ব্যাপারে গর্হিত মন্তব্য করেছেন।

হাইকোর্টের নির্দেশনাসহ পূর্ণাঙ্গ আদেশ গণমাধ্যমে প্রকাশের ব্যাপারে আদেশ জারি করা হলেও তারা তা প্রকাশ করেননি। তা না করে তারা হাইকোর্টের আদেশ লঙ্ঘন না করে ৩ মে ভুয়া ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছেন।

সুপ্রীম কোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা যায় কি--না-- অবমাননা আবেদনকারীর পক্ষের কৌঁসুলী ব্যারিস্টার আমীর--উল ইসলামের কাছে হাইকোর্ট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেউই আইনের বাইরে নয়।

তিনি তার আর্জিতে বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল এবং আদালতের অবমাননা তালিকায় তা লিপিবদ্ধ করা হয়েছিল।

নির্বাচন কমিশন সচিবালয় রাজনৈতিক বিবেচনায় তিন লাখ লোককে নিয়োগ দেওয়া এবং নতুন ভোটার তালিকা প্রণয়নে সিইসি’র একক সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ১২ ডিসেম্বর আব্দুল জলিল হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

হাইকোর্ট এ বছরের ৪ জানুয়ারি ২০০০ সালে প্রণীত বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনাসহ আদেশ জারি করেন।

হাইকোর্টের নির্দেশনায় ১৮ বা তদোর্ধ্ব বয়সীদের ভোটার তালিকাভুক্ত করা এবং বিকৃত মস্তিষ্ক ও মৃতদের বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ দিতে বলা হয়।

নির্বাচন কমিশন ১ জানুয়ারি থেকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করে।

হাইকোর্টের আদেশে অনুপস্থিত ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তির নিশ্চয়তা প্রদানের ব্যাপারেও নির্দেশনা জারি করা হয়।

হাইকোর্টের নির্দেশনায় আরও বলা হয়, চিঠি বা নোট চালাচালির মাধ্যমে নয়, বরং সরাসরি আলোচনার মাধ্যমে ইসি সদস্য ও সিইসি’র সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনকে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত।

সংবিধান অনুসারে ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বভার নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত এবং সংবিধান ও অন্যান্য আইনের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনকেই এ দায়িত্ব সম্পাদন করতে হবে।

হাইকোর্টের নির্দেশনায় বলা হয়, কোনও রাজনৈতিক দল কর্তৃক প্রভাবিত হয়ে বা কোনও রাজনৈতিক দলের চাপ বা দাবির মুখে নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্ত নিতে পারে না।

হাইকোর্টের দুটি নির্দেশনার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার ১ ফেব্রুয়ারি সুপ্রীম কোর্টে একটি লিভ টু আপিল দায়ের করেন।

সুপ্রীম কোর্ট ১৭ এপ্রিল তার আপিল মঞ্জুর করেন এবং হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

সিইসি’র আপিলের শুনানি ১৪ মে শুরু হয় এবং সোমবার তা শেষ হয়েছে। মঙ্গলবার এ ব্যাপারে রায় প্রদান করা হবে।

আবেদনকারীর পক্ষে আদালতে ব্যারিস্টার আমীর--উল ইসলামকে মামলা পরিচালনায় সহযোগিতা করেন ব্যারিস্টার তানিয়া আমীর, ড. শিরিন শারমিন চৌধুরী এবং ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।