২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির পদত্যাগের দাবিতে বিরোধী যুব সংগঠনগুলোর ঘেরাও কর্মসূচি পালিত

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে বিরোধী যুবসংগঠনগুলো নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিরোধী ১৪ দলের যুব সংগঠনগুলো ‘যুব সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে নির্বাচন কমিশনের তৈরি ভুয়া ভোটার তালিকা বাতিলেরও দাবি জানায়।

কর্মসূচি চলাকালে ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে পুলিশ যুব সংগ্রাম পরিষদের মিছিলে বাধা দেয়। নরসিংদী ছাড়া আর কোথাও উল্লেখ করার মত তেমন কোনো ঘটনা ঘটেনি। নরসিংদীতে পুলিশ মিছিলে বাধা দিলে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা ঢাকা - নরসিংদী সড়কে ব্যারিকেড দেয়।

যুব সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে রাজধানীর রাসেল স্কোয়ার থেকে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের হয়। কয়েকশ’ মিটার এগোনোর পর মিছিলটি রাপা প্লাজার সামনে পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হয়।

যুব সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা সে সময় রাস্তায় বসে পড়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। ওই স্থানেই পুলিশ প্রহরায় সংগ্রাম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলো। আগারগাঁও থেকে রাসেল স্কয়ার পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জলকামানসহ সশস্ত্র অবস্থায় পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্যে প্রস্তুত ছিলো।

দাঙ্গা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশন পর্যন্ত চার স্তরের ব্যারিকেড স্থাপন করে। যদিও সংগ্রাম পরিষদ নেতারা এদিন ধৈর্য্যরে পরিচয় দিয়ে ব্যারিকেড ভাঙ্গার কোনো চেষ্টা করেনি।

রাপা প্লাজা থেকে শেরে বাংলা নগরের নির্বাচন কমিশন পর্যন্ত পুলিশি ব্যারিকেডের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত যানবাহন চলাচল করতে পারেনি।