সিইসি’র আকস্মিক সংবাদ সম্মেলন: গণমাধ্যমের প্রসংসা করলেও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ রোববার গণমাধ্যমের প্রসংসা করে বলেছেন, খসড়া ভোটার তালিকা প্রণয়নে বিভিন্ন অনিয়ম খুঁজে বের করার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে।
ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিইসি’র সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে সাংবাদিকরা সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ বক্তব্য আশা করলেও সিইসি শুধুমাত্র স্বাভাবিক কিছু রুটিন তথ্য সরবরাহ করেন।
নগরীতে খসড়া ভোটার তালিকায় ৯০০ ভূয়া ভোটার তালিকাভূক্ত, সিইসি’র দীর্ঘ সময় সাংবাদিকদের এড়িয়ে চলা, গণমাধ্যমকে সহযোগিতা না করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ সহ বর্তমানের কোন উতপ্ত ইস্যুর বিষয়ে সংবাদ সম্মেলনে আলোকপাত করা হয়নি।
এরআগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সিইসি কার্যালয় থেকে টেলিফোনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে দুপুর তিনটায় আয়োজিত সংবাদ সম্মেলন কভার করতে আমন্ত্রণ জানানো হয়।
দুপুর সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনের শুরুতে প্রশ্ন করার সুযোগের বিষয় উল্লেখ করা হলে সিইসি এমএ আজিজ বলেন, আমরা অন্য কোন দিন প্রশ্ন ও উত্তর পর্বের আয়োজন করতে পারি।
এরপর তিনি বিতর্কিত নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সাবেক সচিব এসএম জাকারিয়া সহ অন্য ইসি কর্মকর্তাদের সাথে নিয়ে বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় যে কোন সময় সংশোধন, সংযোজন বা সমন্বয় করতে পারে।
ইসি’র পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী খসড়া ভোটার তালিকার বিষয়ে স্থানীয় নির্বাচন কর্মকর্তা বা ইসি কর্তৃপক্ষের কাছে কোন অভিযোগ থাকলে তা জানানোর শেষ দিন ছিলো ২১ মে রোববার।
সিইসি বলেন, ইসি’র নীতিমালা অনুযায়ী ওই সময় বৃদ্ধি করার কোন সুযোগ নেই।
কিন্তু ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত ইসি নিজে এটা করতে পারে উল্লেথ করে তিনি বলেন, যখন নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে, কেবল তখনই ইসি ভোটার তালিকায় সংশোধন, সংযোজন বা সমন্বয় করতে পারে।
নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জে ৪০০ ভূয়া ভোটার সংক্রান্ত আইন মন্ত্রীর অভিযোগের বিষয় উল্লেখ করে সিইসি বলেন, বিষয়টি দেখার জন্য ইসি স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
পূর্ববর্তী বিষয়ের সাথে কোন প্রকার সম্পর্ক ছাড়াই হঠাৎ করে তিনি ভোটার তালিকাভূক্তি ফর্ম--২ এ মিথ্যা বা ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের বিষয়ে কথা বলা শুরু করেন। দোষী ব্যাক্তিকে ১ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদন্ড বা উভয় প্রকার শাস্তি দেওয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কোন নির্বাচনী কর্মকর্তার একই অপরাধের ক্ষেত্রে সম মেয়াদের দন্ডের পাশাপাশি জরিমানার পরিমাণ ৫ হাজার টাকায় বৃদ্ধি পাবে।
সিইসি বলেন, ভোটার তালিকার অনিয়ম গুলো তুলে আনতে আপনারা যেসব অনুসন্ধানী রিপোর্ট করেছেন সেগুলো আমাদের কাজে আসবে।
সিইসি’র বক্তব্য শেষ হলেই সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে নির্বাচন কমিশনার এসএম জাকারিয়া তার কানে কানে কিছু একটা বলার সাথে সাথেই তিনি সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান।
