নেত্রকোনার বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার অথবা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
ভুয়া ভোটার তালিকা বাতিল, বিদ্যুৎ, সার ও জ্বালানি সঙ্কটের প্রতিবাদে আন্দোলনরত নেত্রকোনার বিরোধী দলের সমর্থকদের গ্রেপ্তার অথবা হয়রানি না করতে হাইকোর্ট রোববার সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল হাসান শাহীনের জনস্বার্থে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ নেত্রকোনায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশি অ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না-- এ মর্মে সরকারকে কারণ দর্শাতে রুলনিশি জারি করেন।
এর আগে গত ১৪ মে এক জামিন আবেদনে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক আশরাফ আলী খানসহ ১০৫জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আগাম জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১০ মে ভুয়া ভোটার তালিকা বাতিলের দাবিতে আওয়ামী লীগ মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া--পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
ওই দিনই নেত্রকোনা আওয়ামী লীগ ১৩০জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে পুলিশের কর্তব্যে বাধা দানের মামলা করে।
অ্যাডভোকেট আজহারুল্লাহ ভূঁইয়া ও অ্যাডভোকেট ওবায়দুল হাসান শাহীনের সহযোগিতায় আবেদনকারীর পক্ষে এম ইনায়েতুর রহিম মামলা পরিচালনা করেন।
