ভুয়া ভোটার তালিকায় কোনো নির্বাচন হতে দেবো না, জনগণের ১৬৪ কোটি টাকা ফেরত দিতে হবে ইসিকে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ভুয়া ভোটার তালিকা দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি জনতা ব্যাংক কর্মচারি পরিষদের প্রতিনিধি সম্মেলনে রোববার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জাতীয়তাবাদে’র নামে ‘জাতিবিরোধী’ এই সরকার জনগণের ভোট পাবে না বলে ভোট চুরির সকল আয়োজন সম্পন্ন করছে। ভোটার তালিকা থেকে জনগণের নাম বাদ দিয়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকা, প্রশাসন, নির্বাচন কমিশন ও জঙ্গি সন্ত্রাসীদের দিয়ে ভোট কারচুপি করে আবার ক্ষমতায় আসার ফন্দি ফিকির করছে তারা।
ভোটারদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ওদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভোট চোরদের শাস্তি দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নতুন ভোটার তালিকা প্রনয়ণ সম্পর্কে তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে তেলেসমাতি কারবার চলছে। ভোটার তালিকা থেকে আগেই নাম বাদ দিয়ে আমাদের ভোট কমানোর চক্রান্ত করা হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের অর্থ সম্পদ ভোগ করতে বিএনপি জামাত জোট ভোট কারচুপি করে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। এজন্যে তারা সকল ধরনের দু’নম্বরি কাজ করে যাচ্ছে। গোটা দেশকে নিয়েই তারা নানা খেলা ও ষড়যন্ত্র চালাচ্ছে।
বিরোধী দলীয় নেতা বলেন, আদালতের রায় উপেক্ষা করে নতুন ভোটার তালিকা তৈরির নামে ১৬৪ কোটি টাকা লুটে খেয়েছে নির্বাচন কমিশন। অথচ ওই তালিকায় প্রকৃত ভোটারদের নাম নেই। সরকারের মন্ত্রীরাও এই ভোটার তালিকাকে ভুয়া বলছেন। এই ভুয়া ভোটার তালিকা দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
শেখ হাসিনা বলেন, তালিকায় যেখানে জনগণের নামই নেই, সেখানে জনগণের ওই টাকা অবশ্যই জনগণের কাছে ফেরত দিতে হবে। এ অপরাধের জন্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসিদের জবাবদিহি করতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী ভোটার তালিকা হালনাগাদ করার দাবি জানিয়ে আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার সংরক্ষণ ও জনগণের ক্ষমতায়নের স্বার্থে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছি। যেন জনগণ তার সাংবাধিক অধিকার ও মালিকানা ধরে রাখতে পারে।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি এবং সর্বোপরি ‘জোট দুঃশাসন’ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্যবদ্ধ থেকে চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকার আইডিইবি মিলনায়তনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, হাবিবুর রহমান সিরাজ, মুন্নুজান সুফিয়ান, শাহজাহান খান এমপি, আব্দুল মতিন মাস্টার, রায় রমেশ চন্দ্র এবং সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
