দেশে বস্তিবাসীর সংখ্যা ৫৪ লাখ, চরম দারিদ্রসীমার নীচে ৪০ শতাংশ মানুষ
দেশের ছয়টি বিভাগীয় শহরে অবিস্থত বস্তিগুলোতে ৫৪ লাখ মানুষ বাস করছে। এর মধ্যে আবার ৪০ ভাগ মানুষ চরম দারিদ্রসীমার নীচে বসবাস করছে। রোববার সরকারি - বেসরকারি একটি যৌথ সমীক্ষায় এ তথ্য জাননো হয়।
রাজধানীর এলজিইডি ভবনে রোববার ‘বাংলাদেশে নগর বস্তি: মানচিত্রায়ন ও জরিপ ২০০৫’ শীর্ষক সেমিনারে নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে বস্তির সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গত পাঁচ বছরে দেশে পাঁচ ভাগ গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য বাড়ার কারণেই বস্তির সংখ্যা বাড়ছে।
মোট বস্তিবাসীর মধ্যে কেবল রাজধানীতেই বাস করে ৩৪ লাখ লোক। এছাড়া চট্টগ্রামে ১৫ লাখ বস্তিবাসী রয়েছে। মোট বস্তিবাসীর ৩৪ ভাগ মানুষ বাকি চারটি বিভাগীয় শহরে বসবাস করে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে এই সমীক্ষা কাজ চালায় সিইউএস, ন্যাশনাল ইন্সটিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (নিপোর্ট), নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের মেজার্স ইভাল্যুয়েশনঅব ক্যারোলিনা পপুলেশন সেন্টার।
সমীক্ষায় মাসে তিনহাজার টাকা আয়ের লোকদের চরম দরিদ্র এবং পাঁচ হাজার টাকা আয়ের লোকদের মাঝারি আয়ের লোক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে আরো দেখানো হয়, বস্তিবাসীদের মধ্যে ৯০ ভাগ মানুষ দারিদ্রসীমার নীচে এবং ৪০ ভাগ মানুষ চরম দারিদ্রসীমার নীচে বসবাস করছে।
সেমিনারে সিইউএস চেয়ারম্যান জানান, বস্তবাসীদের মধ্যে বেশিরভাগই পরিবহন শ্রমিক, দিনমজুর, গৃহপরিচারিকা, গার্মেন্টস ও কারখানা শ্রমিক এবং হকার।
বস্তিগুলোর দুর্বল এবং ছোট একটি ঘরে তিনের অধিক লোক বাস করে বলে জানান অধ্যাপক ইসলাম। তাছাড়া অধিকাংশ বস্তিতে পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং বন্যার সময় বেশিরভাগ বস্তি সম্পূর্ন অথবা আংশিক প্লাবিত হয় বলে তিনি জানান। তবে অধিকাংশ বস্তিতেই বিদ্যুত সুবিধার পাশাপাশি স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সুবিধা এবং নিরাপদ পানির ব্যবস্থাও রয়েছে।
বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংগঠন বস্তিবাসীদের অবস্থার উন্নয়নে এগিয়ে আসবে বণে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপোর্টের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন।
