বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাংচুর: ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও তদন্ত কমিটি গঠন
চাঁদা দাবি করাকে কেন্দ্র করে শুক্রবার রাতে সংঘর্ষ, ধাওয়া - পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনায় বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চারদিনের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ ঘটনা তদন্তে আট সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়া জামায়াতে ইসলামী পরিচালিত হাসপাতালে ভাংচুর ও লুটপাটের অভিযোগে ইনস্টিটিউটের ১১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বাবু নামে এক সাবেক ছাত্রের নেতৃত্বে বহিরাগতরা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। বহিরাগতরা বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ছাত্রাবাসে বসে মাদক সেবন করতো।
এ বিষয়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষকে বার বার অবহিত করেও কোন লাভ না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা জানায়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দু’জন ছাত্র ক্যাম্পাসের বাইরে গেলে বাবুর নেতৃত্বে বহিরাগতরা তাদের কাছে ৫শ’ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাদের মারপিট করে। এ খবর পেয়ে ছাত্রাবাসের ছাত্ররা দলবদ্ধ হয়ে বাবুসহ অন্যদের ধাওয়া করে। এসময় বাবু পাশের ইসলামী ব্যাংক হাসপাতালে আশ্রয় নিলে বিক্ষুব্ধ ছাত্ররা হাসপাতালে ভাংচুর চালায়। তারা আশপাশের ৮টি দোকান ও ৮/১০টি যানবাহনও ভাংচুর করে। বহিরাগতদের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে টেকনিক্যালের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে।
পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১৫ জন ছাত্র আহত হয়। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে আট জনকে গ্রেপ্তার করে।
এদিকে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের প্রতিবাদে ছাত্ররা অধ্যক্ষের বাসভবন, কর্মচারী সমিতির কক্ষ, একাডেমিক ভবন ও উত্তর প্রান্তিক ছাত্রবাসের জানালার কাঁচ ভাংচুর করে।
ঘটনার পর ইনস্টিটিউট অধ্যক্ষ শাহাদত হোসেন একাডেমিক কাউন্সিলের বৈঠকে চার দিনের জন্যে কলেজ বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের শনিবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন। এছাড়া ইলেকট্রনিক্স বিভাগের প্রধান জয়দেব চন্দ্র সাহাকে চেয়ারম্যান করে আট সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী দু’দিনের মধ্যে ভাংচুরের মূল্যায়ন ও এক সপ্তাহের মধ্যে ঘটনার কারণ জানাতে বলা হয়েছে।
