মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার ৩ সাংবাদিক
ক্ষমতাসীন জোট সরকারের স্থানীয় এমপি অধ্যাপক শহিদুল ইসলামের প্রাণনাশের হুমকি ও মামলা দায়েরের প্রেক্ষিতে এলাকা ত্যাগ করতে বাধ্য হওয়া কুষ্টিয়ার তিন সাংবাদিক বুধবার তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় গু-াদের দিয়ে নাজেহাল করার জন্য তিন সাংবাদিক স্থানীয় এমপির শাস্তির দাবি জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিন সাংবাদিক বলেন, আমরা আমাদের কর্মক্ষেত্রে যেতে চাই এবং পরিবারের সদস্যদের সাথে বসবাস করতে চাই। কিন্তু শহিদুলের ক্যাডারদের প্রাণনাশের হুমকির কারণে আমরা আমাদের এলাকায় যেতে পারছি না।
চ্যানেল ওয়ান ও দৈনিক সমকালের প্রতিনিধি মুনশি তরিকুল ইসলাম, এটিএন বাংলা ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আল মামুন সাগর এবং আরটিভি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি হাসান জাহিদ জানান, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য তাদেরকে নাজেহাল করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
স্থানীয় বিএনপি সাংসদ অধ্যাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর থেকে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের ও পুলিশি নাজেহালের প্রেক্ষিতে তিন সাংবাদিককে কুষ্টিয়া ত্যাগ করতে হয়।
সাংবাদিকরা বলেন, শহিদুল ইসলাম এমপি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের একদিন পর গত ১০ মে শহরের কমলাপুর এলাকার বিএনপি নেতা আজাদ বিশ্বাস ও এমপির এক আত্মীয় কুষ্টিয়া সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে।
তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য তাদেরকে নাজেহাল করার জন্য তাদের বাড়িতে ৯ মে মধ্যরাতে পুলিশ পাঠায়।
তারা আরও বলেন, বিভিন্ন জাতীয় দৈনিকে শহিদুল ইসলামের মামলা দায়েরের খবর প্রকাশিত হওয়ায় পর আমাদেরকে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ইংরেজি দৈনিক দ্য অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী নির্যাতিত সাংবাদিকদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন।
