২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বৃত্তির নামে বিদেশে লোক প্রেরণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ

ছাত্র বৃত্তির নামে অবাধে বিদেশে লোক পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 04:29 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে শিক্ষার নামে অবাধে বিদেশে লোক পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, পত্রপত্রিকায় চটকদার বিজ্ঞাপণ দিয়ে শিক্ষার নামে বিদেশে লোক পাঠিয়ে কিছু কিছু এজেন্সি সাধারণ মানুষকে প্রতারিত করছে। এসব লোক ওই সব দেশে গিয়ে শিক্ষার পরিবর্তে কাজের সন্ধান করতে গিয়ে বিপদে পড়ছে। এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।

বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি মালয়েশিয়াসহ বেশ কিছু দেশে লোক পাঠানোর অনুমোদন পাওয়া গেছে। সেখানে শিক্ষার নাম করে লোক পাঠানো হলে অন্য রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

সভা শেষে কমিটির সভাপতি নজীর হোসেন সাংবাদিকদের জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দীর্ঘদিন চেষ্টার পর বেশ কিছু দেশে কর্মী প্রেরণের অনুমোদন পেয়েছে। কিন্তু কিছু এজেন্সি পত্রিকায় বিজ্ঞাপণ দিয়ে শিক্ষার নামে অবাধে লোক পাঠাচ্ছে। যা সরকারের এ উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি জানান, বৈঠকে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আওয়ামী লীগ সাংসদ নাজমুল হাসান জাহেদসহ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।