মৌলবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন কলকাতাস্থ মার্কিন দূত
কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল হেনরি ভি. জরদাইনি মঙ্গলবার মৌলবাদী তৎপরতা দমনে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করেছেন।
জরদাইনি এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল ছিলেন। মঙ্গলবার আগরতলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাংলাদেশের প্রশংসা করে বলেন, মৌলবাদী ও রাজনৈতিক সন্ত্রাস দমনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটন ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ শীর্ষস্থানীয় কয়েক জন মৌলবাদী গ্রেপ্তার করেছে। বাংলাদেশে মৌলবাদীরা অত্যন্ত তৎপর থাকা সত্ত্বেও সরকারের সাম্প্রতিক পদক্ষেপের ফলে তাদের তৎপরতা কমে এসেছে।
তিনি এ অঞ্চলের আদম পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
কনসাল জেনারেল ভারতের উত্তরপূর্বাঞ্চলের বিদ্রোহীদের দমনে ভারত সরকারকে সহায়তা করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।
