২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন এনজিও কমিশন গঠনে বিশ্ব ব্যাংকের পরামর্শ

এনজিও’র কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন এনজিও কমিশন গঠনের পারমর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশের এনজিওগুলোর অর্থনীতি ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনটিতে সরকারকে পরামর্শ দিয়ে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে যে ধরনের ভূমিকা রাখে, এনজিওগুলোর ক্ষেত্রে একই ধরনের কার্যক্রম পরিচালনা করবে এই কমিশন।

জ্বালানি ও টেলিযোগাযোগের মতো অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশে যেসব স্বাধীন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, সেসব থেকে অভিজ্ঞতা নিয়ে প্রস্তাবিত এ কমিশন গঠিত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ড. শান্তায়ানান দেবারঞ্জন এবং প্রতিবেদনের প্রধান রচয়িতা বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ হাসান জামান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এর আগে সরকার বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি), এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) এবং দুর্নীতি দমন কমিশন (এসিসি) গঠন করেছে। এর মধ্যে ইআরসি ও এসিসি’র অসন্তোষজনক কার্যক্রমের জন্যে গত দু বছর ধরে বিভিন্ন দাতাসংস্থা ও গণমাধ্যমের সমালোচনার শিকার হচ্ছে।

প্রতিবেদনে বাংলাদেশের মোট বৈদেশিক সাহায্যের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে বলা হয়, আনুপাতিক হিসাবে বাংলাদেশের মোট সাহায্যের মধ্যে এনজিওগুলোর অংশ ১৯৯০ থেকে ১৯৯৫ সালের ১৪ শতাংশ থেকে বেড়ে ১৯৯৫ থেকে ২০০৪ সালে দাঁড়িয়েছে ২৪ শতাংশে।

ড. শান্তায়ানান দেবারঞ্জন বলেন, এনজিও’র কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা কমিশন গঠনের প্রস্তাব রেখেছি।

বাংলাদেশে একটি এনজিও কমিশন গঠনের ব্যাপারে বিশ্ব ব্যাংক বিশেষ যতœশীল বলে তিনি জানান।

এনজিও কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এনজিও’র সাথে জড়িত আইনি কাঠামো সেকেলে এবং এক্ষেত্রে অতিরিক্ত আইনি কঠোরতা রয়েছে। তবে সংস্থাগুলোর সামর্থ্য সীমিত।

তিনি বলেন, বিদেশি অনুদানের ক্ষেত্রে আইনি বিষয় ও এনজিওগুলোর কার্যক্রম তদারকির জন্যে এনজিও বিষয়ক ব্যুরো থাকলেও সীমিত সামর্থ্যরে কারণে তারা যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে না।

তিনি আরও বলেন, এনজিও কমিশনের মূল কাজ হচ্ছে-- স্বচ্ছতা ও জবাবদিহিতার উন্নয়ন নিশ্চিত করা। বিশ্ব ব্যাংক এনজিও কমিশন গঠনের মাধ্যমে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যক্রম থামিয়ে দেওয়ার কথা বলছে না বলেও তিনি জানান।

হাসান জামান বলেন, প্রস্তাবিত কমিশনের তত্ত্বাবধানে এনজিওগুলো জনগণের কাছে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হতে পারে।

২০০১ সালের নির্বাচনে কিছু এনজিও’র বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, সে ব্যাপারে জানতে চাওয়া হলে হাসান জামান বলেন, নির্বাচনী কার্যক্রমে এনজিওগুলোর জড়িয়ে পড়া উচিত নয়। এক্ষেত্রে তারা কেবল আসন্ন নির্বাচনী শিক্ষা কার্যক্রমে জড়িত হতে পারে বলে তিনি জানান।