২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেএম হাসানকে জমি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে শেখ রেহানার রিট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তার ধানমন্ডির বাড়ির কোনো অংশ সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে হস্তান্তর অথবা প্রদান থেকে সরকারকে নিবৃত্ত করতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মঙ্গলবার রিট আবেদন দাখিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিট আবেদনটি গ্রহণ করে আগামী ২১ মে (রোববার) শুনানির দিন ধার্য করেছেন।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক একই দিন সরকারের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞার প্রার্থনা কথা জানিয়ে একটি উকিল নোটিশ পাঠান।

উকিল নোটিশে বলা হয়েছে, নিষেধাজ্ঞার প্রার্থনা যখন আদালতে রয়েছে তখন কোনো অবমাননাকর পদক্ষেপ গ্রহণকে হাউজ অব লর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী আদালত অবমাননা হিসেবেই মনে করা হবে এবং এটি সুপ্রিম কোর্টের স্বাভাবিক ক্ষমতা ও সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদের আওতায় প্রদত্ত ক্ষমতাবলে এটি শাস্তিযোগ্য।

দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্রগুলো ১৫ মে বার্তা সংস্থা বিডিনিউজের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, শেখ রেহানার বাসভবনে পুলিশ স্টেশন স্থাপনের পর এখন বাড়ির একটি অংশ সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে বরাদ্দ দেওয়া হয়েছে। সংবিধানের প্রচলিত বিধি মোতাবেক বর্তমান সরকার ক্ষমতা হস্তান্তরের পর কেএম হাসান পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ও তার অধীনে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, বিচারপতি হাসান ২০০৫ সালের ১৫ নভেম্বর ধানমন্ডির চার নং সড়কের ১৬ নম্বর (পুরাতন ৩৫) প্লটে তার বাড়ির উত্তর দিক দিয়ে পয়োঃনিষ্কাশনের জন্য এক কাঠা জমি বরাদ্দ প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন জানান।

বিচারপতি হাসানের বাড়ির উত্তর দিকের ২১ নম্বর (পুরাতন ৪১) প্লটটি শেখ রেহানার মালিকানাধীন। ২০০১ সালের ২১ জুলাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেহানাকে যখন বাড়িটি বরাদ্দ দেওয়া হয় তখন তিনি নগদ টাকায় তা কিনে নেন। কিন্তু সরকার বাড়িটি নিয়ে নেয়। ২০০৫ সালের ২৭ জুন থেকে বাড়িটি ধানমন্ডি পুলিশ স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিচারপতি হাসানের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় অনুরোধের পর্যালোচনা ও প্রতিবেদন পেশ করার জন্য গণপূর্ত দপ্তরের ধানমন্ডি উপবিভাগকে দ্রুত দায়িত্ব দেয়। ধানমন্ডি বিভাগ ইতোমধ্যে তার প্রতিবেদন পেশ করেছে।

সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শেখ রেহানা চলতি বছরের ২৪ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। সরকারের গৃহীত পদক্ষেপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে আদালত রিট আবেদনের প্রেক্ষিতে সরকারের ওপর রুল নিশি জারি করেন। মামলাটি এখন উচ্চ আদালতে ঝুলে রয়েছে।

শেখ রেহানার প্রধান কৌসুলি সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির (এসসিবিএ) সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আদালতে ঝুলে রয়েছে জমি সংক্রান্ত এমন কোনো মামলার ক্ষেত্রে ওই জমির কোনো অংশ বরাদ্দ প্রদান আদালত অবমাননার সমান।

তিনি বলেন, জমি পাওয়ার জন্য বিচারপতি হাসান যে আবেদন করেছেন তা যেমন অসৌজন্যমূলক, তেমনি তাকে জমি বরাদ্দ দিতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাও অসৌজন্যমূলক।