২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘেরাও

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে কয়েক শ’ নেতাকর্মী ও সমর্থক চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিডিবি) ঘেরাও করে। তারা পিডিবি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আইনশৃঙ্খলা বাহিনী শেখ মুজিব রোডে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থামিয়ে দিতে রাস্তা বন্ধ করে দেয়। এ বাধা উপেক্ষা করে বেলা সাড়ে এগারটার দিকে তারা পিডিবি ভবনের সামনে পৌঁছে হাতে লণ্ঠন নিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভ সমাবেশ চলাকালে পিডিবি কর্তৃপক্ষ ভবনের ভিতর দিক থেকে তালা লাগিয়ে মূল ফটক বন্ধ করে রাখে।

পরে বিক্ষোভকারীরা স্মারকলিপি প্রদান করে। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের চন্দন ধর, মশিউর রহমান ও মাহবুবুল হক এবং ছাত্রলীগের এমআর আজিম, মো. সালাউদ্দিন ও পুলক খাস্তগীর।

বিক্ষোভ সমাবেশের কারণে বন্দর নগরীর দেওয়ানহাট এলকায় যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে।