খসড়া ভোটার তালিকায় ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াতের নাম নেই
নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেন জানান, খসড়া ভোটার তালিকায় তার ও তার পরিবারের নাম নেই।
জাতীয় প্রেসক্লাবে সোমবার ‘তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব এবং জাতীয় নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা জানান।
প্রগতিশীল চেতনা সংসদ আয়োজিত গোলটেবিলের সভাপতিত্ব করেন সাবেক সচিব শাহ আব্দুল মান্নান এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
শাখাওয়াত হোসেন বলেন, অসহিষ্ণুতার কারণে জাতি একটি নৈরাজ্যকর পরিস্থিতির দিকে যাচ্ছে।
তিনি মন্তব্য করেন, বিরোধী দল সংস্কারের যে প্রস্তাব রেখেছে তাতে এমন কিছু বিষয় আছে যেগুলো গ্রহণ করা যেতে পারে।
সেনাবাহিনীকে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে নেওয়া ঠিক হবে না। তাদের নির্বাচনী কার্যক্রমের আওতার বাইরে রাখা উচিত বলে তিনি জানান।
গোলটেবিলে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আওয়ামী লীগ জাতিকে একটি নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার অস্পষ্ট।
তিনি বলেন,সরকার এখনও মনে করে সংলাপের মাধ্যমে সংস্কার ইস্যুর সমাধান সম্ভব।
গোলটেবিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূরুল ইসলাম মণি এমপি, দৈনিক নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এবং বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী।
গোলটেবিলে অংশগ্রণকারীরা বলেন, অতীতে বহুবার আওয়ামী লীগ জামায়াতের সাথে আলোচনায় বসেছে। তাই বর্তমানে জামাতের সাথে আওয়ামী লীগের সংলাপে না বসার বিষয়টি অযৌক্তিক।
