২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট ট্রাজেডির আনুষ্ঠানিক অবসান ২৪ মে

কানসাট ট্রাজেডির আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে ২৪ মে একটি বিশেষ সমাবেশ ডাকা হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অনুষ্ঠিত সরকার পক্ষ ও পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইঙ্গিত দেওয়া হয়, ২৪ মে কানসাট রাজবাড়ী মাঠে মহাসমাবেশ ডেকে এ সংকটের আনুষ্ঠানিক অবসান ঘটানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সরকার পক্ষের মধ্যস্থতাকারী রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, শিবগঞ্জ ইউএনও দেওয়ান আব্দুস সামাদ, সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক আরেপ আলী টিসু, জহির চৌধুরী প্রমুখ।

কানসাট হত্যাকান্ডের প্রেক্ষিতে রাজশাহী সার্কিট হাউসে দুপক্ষের মধ্যে চুক্তির অন্যতম দাবি সংগ্রাম পরিষদসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ১৮ মে’র মধ্যে প্রত্যাহার করা হবে বলে মেয়র মিনু সভায় জানান। এছাড়াও ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপুরণ প্রদানের প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যেবি জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে বলে সভায় অবহিত করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী মিটার ভাড়া প্রত্যাহার ও ন্যুনতম চার্জও পুননির্ধারন করা হয়েছে।

এক মাসের মধ্যে সকল দাবি মেনে নেওয়ার অঙ্গিকার করে সরকার পক্ষ ওই চুক্তি করে।

নির্ধারিত ওই মহাসমাবেশে সরকার পক্ষের মধ্যস্থকারি বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, গৃাহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির, ত্রাণ ও দুর্যোগ উপমন্ত্রী আহসান হাবিব দুলু উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন মেয়র মিনু। সভায় জানানো হয়, ২৪ তারিখের মাহসমাবেশ হবে শান্তি ও আনন্দের মহাসমাবেশ।