শেখ রেহানার বাড়ি কেএম হাসানকে বরাদ্দ দেওয়া জোট সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা: আ.লীগ
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ক্রয়কৃত বাড়ির একাংশ তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা বিচারপতি কেএম হাসানকে বরাদ্দ দেওয়াকে বিএনপি - জামাত জোট সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা বলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে।
সোমবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এর মাধ্যমে এ সরকার প্রতিহিংসা ও রাষ্ট্রীয়ভাবে ঘুষ প্রদানের ঘৃণ্য নজির স্থাপন করেছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে তাকে ( কেএম হাসান) খুশি রাখার এই অনৈতিক প্রয়াস আগামী নির্বাচনে ক্ষমতাসীনদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর নীলনকশার একটি অংশ।
একজন বিচারপতি হিসেবে এ বাড়ির একাংশ বরাদ্দ চাওয়া বিচারিক নৈতিকতার পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন।
জলিল বলেন, বাড়িটিকে প্রথমে থানা বানিয়ে প্রধানমন্ত্রী নিজেই তা উদ্বোধন করেন। মহানগরীর অন্য কোনো থানার উদ্বোধনী অনুষ্ঠানে না গিয়ে শেখ রেহানার বাড়ি দখল করে থানা উদ্বোধন তার সংকীর্ণ মানসিকতারই প্রকাশ।
তিনি জানান, এ পদক্ষেপ কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে হাইকোর্ট ইতোমধ্যেই রুল জারি করেছেন।
তিনি বলেন, শেখ রেহানার নামে আইনানুগভাবে এই বাড়ি বরাদ্দ করা হয় এবং নির্ধারিত মূল্য পরিশোধ করেই তিনি তা রেজিস্ট্রি করে ক্রয় করেন। পরবর্তীতে বিএনপি - জামাত জোট সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পুলিশ দিয়ে জোর করে ওই বাড়ি দখল করে।
জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তিনমাস পর্যন্ত সরকারি বাসভবন ব্যবহারের নিয়ম থাকলেও ২০০১ সালের নির্বাচনে কারচুপিতে সহায়তার পুরস্কার হিসেবে খালেদা জিয়া ‘বিশেষ বিবেচনায়’ তত্ত্বাবধায়ক সরকারে সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানকে বিধিবহির্ভূতভাবে এখন পর্যন্ত মিন্টু রোডে একটি সরকারি বাড়ি বরাদ্দ দিয়ে রেখেছেন।
তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর কর্তব্য যখন সেনাবাহিনীর সম্পত্তির দখল ত্যাগ করা তখন তিনি তা না করে অন্যের সম্পত্তি গায়ের জোরে দখল করে পছন্দের মানুষদের বেআইনিভাবে তা উপহার দিচ্ছেন।
আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, জোট সরকারের প্রধানমন্ত্রী ঢাকায় নিজস্ব জায়গা থাকার পরেও জিয়ার মুত্যুর পর তথ্য গোপন করে বছরের পর বছর ক্যান্টনম্যান্টে একটি বাসা দখল করে আছেন।
তিনি বলেন, এ কাজ সরকারের উচ্চ আদালত অবমাননা, রাজনৈতিক প্রতিহিংসা ও সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ।
