পানি, বিদ্যুৎ সংকটের প্রতিবাদে পুরনো ঢাকা অচল; ১৪ দলের সমাবেশ থেকে জোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান
১৪ দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রোববার লালবাগসহ নগরীর পুরনো ঢাকা এলাকা কার্যত অচল হয়ে পড়ে। পানি, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সংকট এবং অত্যাচার নির্যাতনের প্রতিবাদ ও খসড়া ভোটার তালিকা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ওই সমাবেশ আয়োজন করা হয়।
কর্মসূচি চলাকালে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখায় সংশ্লিষ্ট এলাকায় প্রায় হরতাল অবস্থা বিরাজ করে।
টানটান উত্তেজনার মধ্যে বিকেলে লালবাগ চকবাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা বলেন, অত্যাচারি ব্যর্থ বিএনপি--জামাত জোট ক্ষমতায় থাকলে দেশের মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। তাই জোট দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে আগামী ৫ জুন ঢাকা অবরোধসহ আন্দোলন কর্মসূচি সফল করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের পথ সরকার রুদ্ধ করলে রাজপথের বিজয় ছিনিয়ে আনতে হবে। বাংলার মাটিতে জোট সরকারের কবর রচনা করতে হবে। দুর্নীতিবাজ, লুটেরা ও অত্যাচারি জোটের মন্ত্রী এমপিরা যেন পালাবার পথ না পায়, সেজন্যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা বলেন, বিএনপি--জামাত জোট সরকার ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়। তাই তারা ভোটার তালিকায় দুই কোটি ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত করেছে। ভুয়া ভোটার তালিকা বাতিল না করা হলে দেশে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মুকুল বোস, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, হাজী মোহাম্মদ সেলিম ও আব্দুল হক সবুজ, জাসদের মইনউদ্দিন খান বাদল, মীর হোসাইন আখতার, গণফোরামের সাইদুর রহমান, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান এবং স্থানীয় ১৪ দল নেতা আয়েশা বেগম, হুমায়ুন কবির, আবুল হোসেন সরদার ও কামাল হোসেন।
সমাবেশ শেষে লালবাগ--কামরাঙ্গির চর ও হাজারিবাগের সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম পুলিশের স্থানীয় কর্মকর্তাদের হাতে ১৪ দলের পক্ষে স্মারকলিপি প্রদান করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর দেওয়া এই স্মারকলিপিতে বিরোধী দলের নেতা--কর্মীদের অত্যাচার নির্যাতন, গ্রেপ্তার হয়রানি বন্ধ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়।
