সিলেটে তিন দলের লংমার্চ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে
জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা বাংলাদেশ এবং তরিকত ফেডারেশন জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গি ও তাদের সহযোগীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে।
একইসাথে তারা এ সরকারের পদত্যাগ দাবি করে। তারা জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি - জামাত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সিলেটের হযরত শাহজালালের (রাঃ) মাজার প্রাঙ্গনে তিনদলের লংমার্চ শেষে নেতারা একথা বলেন। জাতীয় ঐক্যমঞ্চ সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারা বাংলাদেশের প্রধান, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি দিনব্যাপী লংমার্চের নেতৃত্ব দেন এবং সমাবেশে বক্তব্য রাখেন।
বিদ্যুত, পানি, গ্যাস ও ডিজেল সঙ্কটের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, সমগ্র জাতি এখন চারদলীয় জোট সরকারের দুঃশাসনে বিপর্যস্ত।
তিনি বলেন, শায়খ রহমান ও বাংলা ভাই এর বিবৃতিই বলে দেয় জেএমবি এবং তাদের বোমা হামলার পিছনে জামাত এবং এই সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি দায়ি।
তিনি ওই সকল মন্ত্রী এমপিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান।
নজিবুল বশর মাইভান্ডারি বলেন, মাজারে বোমা হামলার কারণে আল্লাহ বিএনপি--জামাতকে নিশ্চিহ্ন করবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে তারা আস্তাকুঁড়ে পতিত হবে।
বিকেলে প্রায় একশ’ যানবাহন নিয়ে তিনদলের লংমার্চটি শাহজালাল মাজারে পৌঁছে। মাজারে ফাতেহা পাঠ করে নেতারা বিশাল সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে একই ইস্যুতে প্রথম লংমার্চটি রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
সিলেট পৌঁছার আগে তারা ডেমরা, কাঁচপুর, নরসিংদী, ভৈরব এবং আশুগঞ্জসহ বিভিন্ন স্পটে পথসভায় করেন।
