সংস্কারের বিষয়ে জোট নমনীয় হবে, সংলাপ কমিটিতে যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সরকার : মিট দ্য রিপোর্টার্সে জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, সরকারের বোধোদয় হবে। গণতন্ত্র রক্ষা এবং জাতীয় স্বার্থে তারা অনমনীয় মনোভাব পরিবর্তন করে নমনীয় হবে। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের তালিকা থেকে নাম বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সংকট দূর করে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে শনিবার তিনি এসব কথা বলেন।
ডিআরইউ মিলনায়তনে সংগঠনের নিয়মিত এই অনুষ্ঠানে আব্দুল জলিল বলেন, সরকার জনগণের দাবি অগ্রাহ্য করতে চাইলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আর ইতিহাস অনুযায়ী জনতার এ আন্দোলনের চূড়ান্ত রূপ নিতে বেশি সময় লাগবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ও দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ বিএনপি--জামাত জোট সরকার জনগণের সমস্যা সৃষ্টি করে তা নিয়ে তামাশা করছে। বিক্ষুব্ধ মানুষ সারাদেশে স্থানীয়ভাবে সংগ্রাম গড়ে তুলছে। জাতীয়ভাবে এই সংগ্রাম দানা বেঁধে উঠছে। আগামী ২৭ অক্টোবরের আগেই তা গণবিপ্লবে পরিণত হবে।
‘তৃতীয় শক্তির উত্থান’ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংকট সৃষ্টি করে এসব কথা বলে জাতিকে ‘জুজু’র ভয় দেখানো হচ্ছে। আসলে বিচারের কাঠগড়ায় ওঠার ভয়ে, জনগণের রুদ্র রোষ থেকে রেহাই পেতে দুর্নীতিবাজ স্বৈরাচারি অপশক্তি এই তৃতীয় শক্তির কথা তুলছে। কিন্তু গণতন্ত্রকামী দেশের মানুষ এমন কোনো শক্তিকে বরদাশত করবে না।
সরকার ও বিরোধী দলের মধ্যে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট দূরীভূত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সুশীল সমাজের উদ্যোগ সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল তাদেরকে ‘ভালো মানুষ সেজে বসে না থেকে জনগণের পাশে দাঁড়ানোর’ পরামর্শ দেন।
