২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনব্যাপী ‘পুলিশ বিষয়ক সহযোগিতা’র সার্ক সম্মেলন সমাপ্ত

আন্তঃসীমান্ত অপরাধ, সন্ত্রাসবাদ, মাদকের অপব্যবহার এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য রাষ্ট্রগুলোর তিনদিনব্যাপী ‘পুলিশ বিষয়ক সহযোগিতা’র পঞ্চম সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনের শেষদিনের দিনব্যাপী অধিবেশনে যোগ দেন। অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে সদস্য দেশগুলোর মধ্যে জ্ঞান, প্রশিক্ষণ, কৌশল, পুলিশ সংস্কার এবং আধুনিক উপকরণ বিনিময় করতে তারা সম্মত হয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরাটন হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, প্রধানত সন্ত্রাসবাদ, মাদক, অর্থপাচার, আদম পাচার মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় করতে আমরা সম্মত হয়েছি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের অপব্যবহার মোকাবেলা করতে জাতিসংঘের মাদকদ্রব্য ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি) ও আসিয়ানের সাথে কাজ করার ব্যাপারে আমরা গুরুত্বারোপ করেছি। সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের অপব্যবহারকে তিনি সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, সম্মেলনের সুপারিশ সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের ষষ্ঠ বৈঠকে পেশ করা হবে।

সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের ষষ্ঠ বৈঠক ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে বৈঠকে ১৯৮৭ ও ১৯৯০ সালে অনুষ্ঠিত সার্কের দু’টি সম্মেলনের পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, সার্কমন্ত্রীরা আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) আদলে সার্কপোল গঠনের প্রস্তাব পরীক্ষা করে দেখেছেন। প্রস্তাবটি পুনর্পরীক্ষা করে পরবর্তী সম্মেলনে উত্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সিনথেটিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কম্পিউটারচালিত ইমারজেন্সি রেসপন্স টিম গঠনের ব্যাপারে সার্ক দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের মধ্যে টিম গঠন করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের সাথে সম্পর্কিত বিষয়াদি পর্যবেক্ষণ করার জন্য ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সার্কের দু’টি ডেস্ক সক্রিয় করার জন্য সার্কমন্ত্রীরা গুরুত্বারোপ করেছেন।

বাবর আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ ডাটাবেস প্রস্তুত করতে সার্ক সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সার্কের মহাসচিব চেনকায়েব দরজি, বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সফররাজ হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আব্দুল কাইয়ূম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সদস্য দেশগুলোর পুলিশ প্রধানদের মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে মঙ্গলবার তিনদিনের এ সম্মেলন শুরু হয়। বুধবার স্বরাষ্ট্রসচিবদের সম্মেলনও অনুষ্ঠিত হয়।