বন্দি বিনিময় চুক্তি এখন কার্যকরের প্রক্রিয়াধীন: শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী
ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তির বিষয়টি এখন আর চিন্তা-ভাবনার পর্যায়ে নয়, বরং তা কার্যকর করার প্রক্রিয়ায় রয়েছে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সুধাসদনে দীর্ঘ দেড় ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক এবং আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতির কথা তার কাছে তুলে ধরা হয়।
আওয়ামী লীগ প্রধান বৈঠকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন-প্রস্তুতি এবং তা অবাধ ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া প্রতিবেশী দু দেশের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির ওপরও বৈঠকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা চাই সুসম্পর্ক রক্ষার মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান। এছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় নেতা কাজী জাফরুল্লাহ্ এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি ও সাবেক কূটনীতিক ফারুক চৌধুরী এবং বাংলাদেশে ভারতের হাই কমিশনার বীণা সিক্রি উপস্থিত ছিলেন।
