২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্য প্রতিষ্ঠা না হলে আমরা দেশের ভেতরে অসহায়, বিদেশে একঘরে হয়ে পড়বো: গোলটেবিলে বক্তরা

দেশের বিরাজমান সমস্যার সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তারা বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে আমরা দেশের ভেতরে যেমন অসহায়, তেমনি বিদেশেও একঘরে হয়ে পড়বো।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার কাউন্সিল ফর ন্যাশনাল কনসেনশাস (সিএনসি) আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা একথা বলেন।

দেশের বিরাজমান বিদ্যুত সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জন নিরাপত্তা বিষয়ে ‘জাতীয় স্বার্থে ঐকমত্য’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাদিকা এন আহম্মেদ।

আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী ও সেনাপ্রধান নূরউদ্দিন আহম্মেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শমসের আলী, সাবেক কুটনীতিক আবুল আহসান, ড. এএআই খান, তুহিন মালিক, ফেরদৌস আহম্মেদ, এ নাছের খান রুমি, দিল আফরোজ মাহবুব ও মেহবুব সাদিক।

নূরউদ্দিন খান বিদ্যুত খাতের বিভিন্ন সমস্যা ও তিনি ক্ষমতায় থাকাকালে নেওয়া বিভিন্ন ব্যবস্থার উল্লেখ করে বলেন, ২০০১ সালে দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট। তখন বিদ্যুতের উৎপাদন ছিল চার হাজার ২০০ মেগাওয়াট। গত সাড়ে চার বছরে পল্লী বিদ্যুত সমিতি নতুন লাইনে দেওয়ায় বর্তমান চাহিদা আরো দুই হাজার মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, চাহিদা বৃদ্ধি পেলেও দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে মাত্র ৪৫০ মেগাওয়াট। এর মধ্যে পূরোনো অনেক কেন্দ্র অকেজো হয়ে পড়েছে। ফলে দেশে বিদ্যুতের ঘাটতি বর্তমানে গড়ে ১২০০ থেকে ১৫০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।

তিনি তার সময় নেওয়া ব্যবস্থা সম্পর্কে বলেন, দেশে সৌর বিদ্যুত, জলবিদ্যুত ও কয়লা বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা করতে হবে। বিদ্যুত উৎপাদনের জন্য শুধু গ্যাসের ওপর নির্ভর করলে চলবে না।

বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, পিডিবি ডেসার কাছেই পাঁচ হাজার কোটি টাকা পাবে। এছাড়াও অনেক প্রতিষ্ঠানের কাছে তাদের পাওনা রয়েছে ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত। যা উদ্ধারে সরকারকে আন্তরিক হতে হবে।

এএসএম শাহজাহান বলেন, আইন ও প্রশাসনের দরজা সকলের জন্য সমান। কিন্তু এজন্য সকলকে আইন বুঝতে হবে। আমাদের দেশের বর্তমান আইনগুলো পূরোনো হওয়ায় সেগুলো সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থের পরিপন্থী। সময় পেরিয়ে যাওয়ায় যেসব আইনের কার্যকারিতা নেই, সেসব আইনকে সময়োপযোগী করে সংস্কার করতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই করা হচ্ছে। তাই সেগুলো মানুষের তেমন কোনো কাজে আসছে না। সুবিধাবঞ্চিত মানুষও এর সুফল ভোগ করতে পারছে না। এ বৈষম্য দূর করতে হবে।

এম শমসের আলী বলেন, আমাদের দেশে বর্তমানে যেসব সমস্যা বিরাজ করছে, তা একদিনে হয়নি। কিন্তু এসব সমস্যার কথা চিন্তা করে আগে থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগে থেকে আমাদের সরকারগুলো পদক্ষেপ নিলে এসব সমস্যার এতো প্রকট আকার ধারণ করতে পারতো না।

আবুল আহসান বলেন, দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অত্যন্ত চড়া। এর পেছনে দুটি কারণ থাকতে পারে। আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি ও অভ্যন্তরীন সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি। কিন্তু এসব নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।