নির্বিঘ্ন পানি সরবরাহ ও শনির আখড়া আন্দোলন নেতাদের নিরাপত্তার দাবিতে নাগরিক সংহতির অবস্থান ধর্মঘট
শনির আখড়ায় পানি-বিদ্যুত আন্দোলনের নেতাদের নিরাপত্তা ও ঢাকা শহরে পানি সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার নাগরিক সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে দুই ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচি চলে।
অবস্থান ধর্মঘট চলাকালে এক সমাবেশে বক্তারা ঢাকা শহরে পানি ও বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করতে সরকারের প্রতি দাবি জানান।
তারা বলেন, পানি, বিদ্যুত, দ্রব্যমূল্যসহ নানা সঙ্কটে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে আমরা শুনে আসছি, ঢাকা শহরে প্রতিদিন দৈনিক দুইশ’ ২০ কোটি লিটার চাহিদার পরিবর্তে ওয়াসা সরবরাহ করে একশ’ ৪২ কোটি লিটার পানি।
বক্তারা আরো বলেন, এই সময়ের মধ্যে চাহিদা বাড়লেও, উৎপাদর বাড়েনি। মাঝে মাঝে কিছু প্রকল্প গ্রহণ করা হলেও তা করা হয়েছে গুটি কয়েক লোকের পকেট ভারী করার জন্যে।
তারা ওয়াসাকে দুর্নীতিমুক্ত ও কার্যকর করার দাবি জানান।
নাগরিক সংহতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শরিফুজ্জামান শরীফ, মসিহ উদ্দিন শাকের, প্রকৌশলী ইনামুল হক, অধ্যাপিকা মাহফুজা খানম, রুহিন হোসেন প্রিন্স, ভাস্কর রাশা, তুষার রেহমান প্রমুখ।
সমাবেশে, বাপা, গ্রিন ভয়েস, হিউম্যান রাইটস মুভমেন্টসহ ১২টি সংগঠন সংহতি প্রকাশ করে।
