২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯টি জেলায় সফর কর্মসূচি পালন করবেন ১৪ দলের নেতৃবৃন্দ

বিদ্যুত, পানি, তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ, “ভূয়া’ ভোটার তালিকা বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি সামনে নিয়ে জনসংযোগের লক্ষ্যে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের প্রতিটি জেলা সফর করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

২০ থেকে ২৩ মে পর্যন্ত ১৪ দলের নেতৃবর্গ ৮টি দলে বিভক্ত হয়ে দেশের ২৯টি জেলায় বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করবেন।

আব্দুর রাজ্জাক এমপি ও সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি দল ২০ মে পঞ্চগর, ২১ মে ঠাকুরগাঁও, ২২ মে নীলফামারী এবং ২৩ মে জয়পুরহাট সফরে যাবে।

সুরঞ্জিত সেনগুপ্ত এবং মাহামুদুর রহমান মান্নার নেতৃত্ব একটি দল ২০ মে লালমনিরহাট, ২১ মে কুড়িগ্রাম, ২২ মে রংপুর এবং ২৩ মে গাইবান্ধায় সমাবেশ করবে।

মোহাম্মদ নাসিম এমপি এবং সুলতান এম মনসুর আহমেদের নেতৃত্বে একটি দল ২০ মে চাঁপাইনবাবগঞ্জ, ২১ মে রাজশাহী, ২২ মে নাটোরে সমাবেশ করবে।

ওবায়দুল কাদের এবং বীর বাহদুর এমপি’র নেতৃত্বে চতুর্থ দলটি ২০ মে কক্স-বাজার, ২১ মে বান্দরবান, ২২ মে রাঙ্গামাটি এবং ২৩ মে খাগড়াছড়ি সমাবেশ করবে।

তোফায়েল আহমদ এবং সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র নেতৃত্বে পঞ্চম দলটি ২০ মে হবিগঞ্জ, ২১ মে ব্রাহ্মণবাড়িয়া, ২২ মে কিশোরগঞ্জ এবং ২৩ মে নরসিংদী সমাবেশ পালন করবে।

নড়াইল, মাগুরা, কুষ্টিয়া এবং মেহেরপুর জেলায় যথাক্রমে মে মাসের ২০, ২১, ২২ এবং ২৩ তারিখে সমাবেশ পালিত হবে। বেগম মতিয়া চৌধুরী এবং আকতারুজ্জামান ষষ্ঠ এই দলটির নেতৃত্বে থাকবেন।

রাশেদ খান মেনন এবং দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে সপ্তম দলটি ২০ মে সুনামগঞ্জ, ২১ মে সিলেট এবং ২২ মে মৌলভীবাজারে সমাবেশ পালিত হবে।

অষ্টম দলটি নেতৃত্বে থাকবেন শেখ ফজলুল করিম সেলিম এমপি। এই দলটি ২০ মে ফেনি, ২১ মে উত্তর চট্টগ্রাম এবং ২২ মে দক্ষিণ চট্টগ্রামে সমাবেশ পালিত হবে।