সাংসদ শহীদুলের মামলা ও প্রাণনাশের হুমকির মুখে ৩ সাংবাদিকের কুষ্টিয়া ত্যাগ
কুষ্টিয়ার তিন সাংবাদিকের বিরুদ্ধে স্থানীয় সাংসদ শহীদুল ইসলামের দায়েরকৃত মামলা ও প্রাণনাশের অব্যহত হুমকির মুখে বুধবার তারা গোপনে কুষ্টিয়া থেকে পালিয়ে আশ্রয়ের খোঁজে ঢাকামুখী হয়েছেন।
এ পর্যন্ত ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে বেশ কয়েকটি হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে। এরা হচ্ছেন চ্যানেল ওয়ান ও দৈনিক সমকাল প্রতিনিধি মুন্সী তরিকুল ইসলাম, এটিএন বাংলা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আল-মামুন সাগর এবং আরটিভি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি হাসান জাহিদ।
সরকার দলীয় প্রভাবশালী বিতর্কিত এমপি অধ্যাপক শহীদুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তাদের বিরুদ্ধে শহীদুল ইসলাম একের পর এক হয়রানীমূলক মামলা এবং গভীর রাতে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানীর প্রেক্ষিতে প্রাণ বাঁচাতে তারা কুষ্টিয়া ছাড়তে বাধ্য হন।
সর্বশেষ বুধবার সকালে কুষ্টিয়া সদর থানায় দায়ের করা মামলার বাদি হলো কুষ্টিয়া শহরতলির কমলাপুর এলাকার বিএনপি নেতা ঠিকাদার আজাদ বিশ্বাস। মামলা নং –১৪ তাং-১০/০৫/০৬ ইং ধারা ৩৪১/৩৮৫/৩৮৭/৩২৩/৩৭৯। মামলার বাদি সাংসদ শহীদুল ইসলামের আত্মীয় বলে সূত্র জানায়।
মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, ওই তিন সাংবাদিক ৪ মে তার বাড়িতে গিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দেওয়া না হলে তাকে হত্যারও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কাল্পনিক ওই এজাহারে আরো উল্লেখ করা হয়, সাংবাদিকরা ৭ মে বিকেলে বাদী আজাদ বিশ্বাস ও তার ব্যাবসায়িক অংশীদার রেজাউল করিমকে শহরের চাঁদমারী এলাকায় গতিরোধ করে। তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা গলার চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সাংবাদিকরা তাদের এসময় মারপিট করে ও হত্যার হুমকি দেয় বলে বাদী মামলায় উল্লেখ করে ।
এদিকে রাজনৈতিক ক্ষমতার অপব্যাবহার করে সাংসদ শহীদুল ইসলাম মঙ্গলবার গভীর রাতে মামলা তদন্তের আগেই ভেড়ামারা থানা থেকে সাংবাদিকদের বাড়ি বাড়ি পুলিশ পাঠান। এছাড়া বুধবার সকালে বিভিন্ন জাতীয় দৈনিকে সাংসদ শহীদুলের মামলা দায়েরের খবর প্রকাশ হলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর থেকে একের পর এক ফোন করে তিনি ওই সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
এ পরিস্থিতিতে ওই তিন সাংবাদিক হাসান জাহিদ, মুন্সী তরিকুল ইসলাম ও আল-মামুন সাগর বুধবার বিকেলে প্রাণ বাঁচাতে কুষ্টিয়া ত্যাগ করেন। বর্তমানে তাদের পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
কুষ্টিয়া থেকে পালানোর সময়ও ওই তিন সাংবাদিক বিভিন্ন বাধার মুখে পড়েন। অতি গোপনে সাংবাদিকরা গ্রামের দূর্গম পথ দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে তারা কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসের বিকাল পাঁচটার টিকেট কাটার পর বিকেল চারটা থেকে শহরের সবগুলো বাস কাউন্টার এবং কুষ্টিয়া থেকে ঢাকাগামী সকল সড়ক রুটে পুলিশ ও দলীয় ক্যাডার মোতায়েন করা হয়। এ পরিস্থিতিতে সাংবাদিকরা আরো বিপাকে পড়েন। শেষ পর্যন্ত কিছু পথ রিক্সাভ্যানে এসে গ্রামের একটি রাস্তা দিয়ে প্রাইভেট কারযোগে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে।
