জোট দুঃশাসনে দিশেহারা ও আতংকগ্রস্ত মানুষের মুক্তির জন্যে ঐক্যবদ্ধ হোন: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, নানা সংকট, আইন শৃংখলার অবনতি, বিনা বিচারে মানুষ হত্যা এবং জোট সরকারের দুর্নীতি--দুঃশাসনে দেশের মানুষ এখন দিশেহারা। অধিকাংশ মানুষ ক্ষুধায় কাতর। সর্বত্র আজ হাহাকার চলছে।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ বুধবার শুভেচ্ছা বিনিময় করতে এলে তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন।
তিনি জোটের ‘সন্ত্রাস ও অপশাসনে’ আতংকগ্রস্ত দেশবাসীকে মুক্তি দিতে সকল ধর্ম ও শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি বুদ্ধ পূর্ণিমার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশ্ববাসীর জন্যে শান্তি কামনা করেন।
তিনি বলেন, বিএনপি--জামাত জোট বিগত নির্বাচনের পর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আওয়ামী লীগ নেতা--কর্মী এবং সংখ্যালঘুসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হত্যার মাধ্যমে দেশে চরম তা-ব চালিয়েছে। অথচ আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সকল ধর্ম বর্ণের মানুষের সম মর্যাদা ও সম অধিকার নিশ্চিত করতে।
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, জোট সরকার এখন পার্বত্য শান্তি চুক্তি নস্যাতের চেষ্টা করছে। জোটের একজন এমপি এর পেছনে কাজ করছেন।
জোট সরকারের এই ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ছাড়াও বৌদ্ধ নেতৃবৃন্দের মধ্যে শুদ্ধানন্দ মহাথেরো, অধ্যাপিকা এথিন রাখাইন, উ সিত মং, পূণ্য বর্ধন বড়–য়া, ড. জিন বোধি ভিক্ষু, ববিতা বড়–য়া, অধ্যাপক প্রিয়তোষ বড়–য়া ও সুপ্ত বড়–য়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শুভেচ্ছাপত্র পাঠ করেন অরুণ বড়–য়া।
এসময় শুরুতেই প্রার্থনা সঙ্গীত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন কমিটির পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
