লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপি-জামাতের হামলা
ক্ষমতাসীন বিএনপি ও জামাতের’র সশস্ত্র কর্মীরা মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলার মিরিকপুর এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা এ সময় গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় বিরোধী দলের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। সরকারদলীয় কর্মীরা লক্ষ্মীপুর--৩ (সদর) আসনের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মহিবুর রহমানের একটি গাড়ি ভাংচুর করেছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গখান ইউনিয়নে গণসংযোগ শেষে মিরিকপুর বাজারে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় স্থানীয় জামাত নেতা আব্দুর রহিম হামলা চালায়।
সভা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, তখন জোট সরকারের কর্মীরা মিরিকপুর পুলের কাছে ধারালো অস্ত্র, লাঠি ও ইটপাটকেল নিয়ে আবার তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
হামলার প্রতিবাদে বিরোধী দল আওয়ামী লীগ বুধবার প্রতিবাদ সভা করেছে। সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দলীয় নেতা আব্দুল কালাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল রিপন ও যুবলীগ নেতা শামসুদ্দিন সাজু বক্তব্য রাখেন।
