২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওকালে আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ: আহত ৫০

নেত্রকোনায় বুধবার আওয়ামী লীগের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবিতে বিরোধী দল আওয়ামী লীগ ওই কর্মসূচির আয়োজন করে।

ঘটনার পর আওয়ামী লীগ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার নেত্রকোনায় সকাল--সন্ধ্যা হরতাল আহবান করেছে।

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ক্ষমতাসীন দলের দুই সাংসদ হাজী আবু আব্বাস ও এম করিম আব্বাসীর দুইটি প্রাইভেট কারসহ পাঁচটি যানবাহন ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ছোট বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে আওয়ামী লীগের মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার সময় মোক্তারপাড়া মগড়া সেতুর কাছে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ইট--পাটকেল নিক্ষেপ ছাড়াও পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড টিয়ার শেল ও ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে ঘটনাস্থলের এক কিলোমিটার এলাকার মধ্যে সকল দোকান পাট বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, কৃষক লীগ সভাপতি কেশব সরকার, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক গৌতম বাবুল, নিউ এজের সায়েদুর রহমান মিন্টু এবং পুলিশের এএসপি (সার্কেল) সানাউল্লাহ, এসআই উসমানসহ কমপক্ষে অর্ধশতাধিক আওয়ামী লীগ ও যুবলীগ নেতা--কর্মী আহত হয়।

পুলিশের গুলিতে গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগের ইউসুফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের নেত্রকোনা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর পরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে।