১ জুন ডিসিসি ঘেরাও করবে রিকসা মালিক ও শ্রমিকরা
বাংলাদেশ রিকসা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ রিকসার নতুন লাইসেন্স প্রদানসহ সাত দফা দাবিতে আগামী ১ জুন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ঘেরাও করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের সদস্য সচিব ইনসুর আলী এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসিসি ২০০১ সালের ৬ নভেম্বর সংগ্রাম পরিষদের সাথে ৪৩ হাজার নতুন রিকসা ও ভ্যানের লাইসেন্স দেওয়ার ব্যাপারে একটি সমঝোতা চুক্তি করে। যা দীর্ঘ সাড়ে চার বছরেও বাস্তবায়িত হয়নি।
ডিসিসি চুক্তি বাস্তবায়ন না করে উচ্ছেদের নামে বিপুল পরিমাণ রিকসা আটক করছে। আটক করা প্রায় ৪৫ হাজার রিকসা সরকারের মন্ত্রী ও সাংসদরা নিজেদের এলাকায় দলীয় কর্মীদের মাঝে বিতরণ করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
পরিষদ নেতারা এসব রিকসা ও ভ্যান প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারি দলের ছত্রছায়ায় ডিসিসি’র কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে মাহতাবউদ্দিন নামে এক ব্যক্তি বাতিল হয়ে যাওয়া আট হাজার ৫৪০ টি রিকসার লাইসেন্সের স্বত্ব নিজের নামে ব্যবহার করছে। ডিসিসি’র নামে সে ওইসব রিকসার লাইসেন্স চড়া মূল্যে বাইরে বিক্রি করছে। এতে ডিসিসি বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
পরিষদ নেতারা আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে ১ জুন মুক্তাঙ্গনে সমাবেশ শেষে ডিসিসি ঘেরাও করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিষদের আহ্বায়ক আলী আকবর, শাহ আলম চৌধুরী, ফজলুর রহমান, একেএম গিয়াসউদ্দিন, বাবুল মিয়া উপস্থিত ছিলেন।
