জামায়াতের সঙ্গে আলোচনা নয়, গণতন্ত্রের স্বার্থে আ’লীগ -বিএনপি সংলাপ হতে পারে: জয়
বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ‘জামায়াতকে সন্ত্রাসীদের লালন - পালনকারী’ হিসেবে উলে¬খ করে বলেছেন, শুধু ’৭১ এ নয়, এখনো যারা জঙ্গি - সন্ত্রাসী, লালন - পালন করে, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
আমেরিকায় ফিরে যাওয়ার আগে বুধবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে জয় বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংলাপ হতে পারে। তবে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা নয়।
এক বছর পর দুসপ্তাহের জন্য দেশে এসে এবার কেমন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন - এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অভাবের তাড়নায় মানুষ চুরি - ডাকাতি করতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি এখন ধ্বংস হয়ে গেছে। শিল্প - কারখানা শেষ হয়ে যাচ্ছে।
জয় বলেন, আওয়ামী লীগের আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিলো। সব কিছুর দাম ছিলো কম। মুদ্রাস্ফীতি ছিলো মাত্র ১ দশমিক ৫৯ শতাংশ। চাহিদার চেয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেশি ছিলো। অথচ আজ সব জায়গায় চলছে হাহাকার।
রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে রাজপথে ভাঙচুর - তা-ব চালানো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে যে অভিযোগ উঠেছে, এ সম্পর্কে তিনি বলেন, ঘেরাও, অবরোধ আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার। এ সব শান্তিপূর্ণ কমসূর্চিতে পুলিশ এবং বিএনপির ক্যাডাররা পুলিশের পোশাক পরে হামলা চালাচ্ছে। এরাই রাজপথে সন্ত্রাস করেছে, ভাঙচুর করেছে।
জয় জানান, দুমাসের মধ্যে তিনি আবার দেশে ফিরে আসবেন। ফিরে এসে তিনি দেশ, জনগণ ও দলের স্বার্থে কাজ করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, সে সময় আমি নির্বাচনের জন্যও কিছু কাজ করতে চাই।
জয়কে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন তার মা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
ছেলেকে বিমানের পথে এগিয়ে দিতে গিয়ে বরাবরের মতোই শেখ হাসিনা বেদনার্ত হয়ে পড়েন।
বিমানবন্দরে সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কর্নেল (অব.) ফারুক খান এমপি, সৈয়দ আবুল হোসেন এমপি, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, তানজিম আহমেদ সোহেল তাজ এমপি, জাহিদ আহসান রাসেল এমপি প্রমুখ দলীয় নেতা উপস্থিত ছিলেন।
