বগুড়ায় নদী ভাঙ্গনে বিলীন গ্রামের অবস্থান দেখিয়ে ১০ হাজার ভোটার করা হয়েছে
যমুনার ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া বগুড়ার ধুনট ও সারিয়াকান্দির পাঁচটি গ্রামের অবস্থান দেখিয়ে খসড়া তালিকায় প্রায় ১০ হাজার ভোটার করা হয়েছে। বিলীন হয়ে যাওয়া এসব গ্রামের লোকজন নদী ভাঙ্গনের পর বগুড়া শহরসহ জেলার বিভন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
সূত্র জানায়, ১০/১৫ বছর আগে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া গ্রামাঞ্চল দেখিয়ে এবারের খসড়া ভোটার তালিকায় ভুয়া ভোটার করা হয়েছে।
নদী ভাঙ্গনের পর এসব গ্রামের বাসিন্দারা শহরসহ জেলার বিভিন্ন স্থানে আবাস স্থাপন করেছে।
নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া গ্রামগুলোতে ভোটার তালিকা তৈরির নিয়ম না থাকলেও মাঠকর্মীরা ওই গ্রাম দেখিয়ে সেখানে ভোটার তালিকা তৈরি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন অঞ্চল থেকে এসব গ্রামে ভোটার দেখানো হয়।
অভিযোগ পাওয়া গিয়েছে, তথ্য সংগ্রহকারীদের অনেকেই স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী বা জনপ্রতিনিধিদের নির্দেশে বাসাবাড়িতে বসেই পুরাতন ভোটার তালিকা দেখে নতুন ভোটার তালিকা প্রস্তুত করেছেন।
