২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল যদি জামাতের সাথে না বসে তবে সংসদ নির্বাচনেও অংশ নিতে পারে না: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবার রাতে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে বলেছেন, বিরোধী দল যদি জামাতের সাথে বসতে না পারে তাহলে তারা সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 11:52 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সরকারি দলের পক্ষে সমাপনী ভাষণে তিনি বলেন, তারা যদি আলোচনায় জামাতের সাথে বসতে না পারে তাহলে কিভাবে তারা সংসদে ও সংসদীয় স্থায়ী কমিটিতে বসে।

তিনি বলেন, নাম কোনো গুরুত্বপূর্ণ নয়, বিড়াল সাদা কি কালো সেটা ব্যাপার নয়, ইদুর মারতে পারে কিনা সেটাই ব্যাপার।

তিনি বলেন, বিরোধীদল সত্যিকার অর্থে আলোচনা চায় না। তারা নির্বাচন প্রক্রিয়াকে ব্যহত করতে চায়।

তিনি আরো বলেন, আমরা এখনো তাদেরকে আলোচনায় বসতে আহ্বান জানাচ্ছি।

সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে মান্নান ভূঁইয়া বলেন, রাজপথে কোনো সমস্যার সমাধান হবে না। একমাত্র আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব।

বিরোধী দলের আন্দোলন কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, তারা গত সাড়ে চার বছরে কিছু করেনি এবং আগামী ছয় মাসেও কিছু করতে পারবে না।

তিনি বলেন, ছয় মাস পর আমরা তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো এবং তত্ত্ববধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

ভোটার তালিকা নিয়ে মান্নান ভূঁইয়া বলেন, আমারা তালিকা তৈরি করিনি। এটি নির্বাচন কমিশন করেছে। হাইকোর্টের রায় যদি অনুসরণ করা না হয়, নির্বাচন কমিশনই তা দেখবে।