২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের ২১তম অধিবেশন সমাপ্ত

জাতীয় সংসদের ২১তম অধিবেশন মঙ্গলবার রাতে শেষ হয়েছে। স্পিকার জমিরুদ্দিন সরকার রাত ১১টা ৩১ মিনিটে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্ত সংক্রান্ত আদেশটি পড়ে শোনান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 11:32 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এর আগে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও সরকারি দলের পক্ষে মান্নান ভূঁইয়া সমাপনী ভাষণ দেন।

জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাঁচটি বিল অনুমোদন পাশ করা হয়। বিলগুলো হচ্ছে- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০০৬, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, গ্রাম আদালত বিল ২০০৬ এবং সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন এন্ড প্রিভিলেজ) অ্যামেন্ডমেন্ট বিল, ২০০৬।

এছাড়া চলতি অধিবেশনে সংসদে আরো বেশ কয়েকটি বিল উত্থাপন করা হয়েছে। সেগুলো যাচাই- বাছাইয়ের জন্যে স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

স্পিকার সংসদকে জানান, চলতি অধিবেশনে ৭১ ধারার আওতায় ২০৭টি নোটিশ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নয়টি নোটিশ নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীকে সর্বমোট ২৩টি প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে তিনি ছয়টি প্রশ্ন ও আরো কিছু সম্পূরক প্রশ্নের জবাব দেন।

স্পিকার জমিরউদ্দিন সরকার সংসদকে আরো জানান, অধিবেশনে মন্ত্রীদের কাছে ৫১১টি প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে মন্ত্রীরা ২১২টি প্রশ্নের উত্তর দেন।

সরকারি ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় উপস্থিতিতে জাতীয় সংসদের চলতি অধিবেশন সমাপ্ত হওয়ায় স্পিকার সন্তোষ প্রকাশ করেন।

আগামী বাজেট অধিবেশনও এ অধিবেশনের মত প্রাণবন্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।