আ.লীগ তুচ্ছ যুক্তি দিয়ে সংস্কার ইস্যুতে আলোচনা বানচাল করতে চায়: সংসদে মওদুদ
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আওয়ামী লীগ তুচ্ছ একটি যুক্তি দিয়ে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা বানচাল করতে চায়।
মঙ্গলবার সংসদে তিনি বলেন, আওয়ামী লীগের উচিত আগামী নির্বাচনকে সুষ্ঠু করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে ব্যাহত না করা। আসুন, যতো দ্রুত সম্ভব আলোচনায় বসে একটি শান্তিপূর্ণ সমাধান করি।
তিনি জামাতের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগকে বলেন, আপনারা আগেও রাজনৈতিক প্রয়োজনে তাদের সাথে বসেছেন। রাজনীতির প্রয়োজনে যেকোনো কমপ্রোমাইজ করা প্রয়োজন। ভবিষ্যতে হয়তো তাদের নিয়ে সরকারও গঠন করতে হতে পারে।
ব্যারিস্টার মওদুদ বলেন, ’৭২ এর সংবিধানকে আওয়ামী লীগই প্রথম ধ্বংস করেছে। তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল বলেই দেশে সামরিক শাসন এসেছে। তারাই দেশে স্বৈরাচারের জন্ম দিয়েছে। তিনি বলেন, আজ তারা নিজামীর বিরুদ্ধে সংগ্রাম করছে।
