২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার অভাবে আমরা পাট কিনতে পারছি না: সংসদে শাজাহান সিরাজ

দেশে পাট আছে, কিন্তু টাকার অভাবে আমরা পাট কিনতে পারছি না। পাট আমাদের সোনালী আঁশ কিন্তু অর্থ মন্ত্রণালয় যদি এটা মনে না করে, তাহলে পাট মন্ত্রণালয়ের কিছুই করার নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে হুইপ আশরাফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ এ কথা বলেন।

আওয়ামী লীগের ফারুক খানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে পাটের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দেশে পাটের দাম এখন মণপ্রতি ৯০০ টাকা হলেও তা ৬০০ টাকা থেকে ১১০০ টাকার মধ্যে বিক্রি করা হয়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তিনি বলেন, দেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকই পাট কিনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা টাকার অভাবে কিছু করতে পারছি না। সরকারি প্রতিষ্ঠানগুলো টাকার অভাবে প্রতি বছর লোকশান দিচ্ছে।

মন্ত্রী আরো বলেন, আর কিছুদিনের মধ্যেই পাটের মৌসুম শুরু হবে। সরকারি প্রষ্ঠিানগুলোকে কার্যক্রর ও লাভজনক করতে এখনই পাটের অর্থ ছাড় করতে হবে। পাটের জন্যে অর্থ মন্ত্রণালয় থেকে এককালীন থোক বরাদ্দ দিতে হবে।

এসএ খালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত অর্থবছরে বিশ্বের ২৯টি দেশে মোট ৩০ লাখ ৬৭ হাজার কুইন্টাল পাট রপ্তানি করা হয়েছে।

জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৮২টি রেশম কারখানা রয়েছে। এর মধ্যে মাত্র দু’টি কারখানা সরকারি মালিকানাধীন। ওই কারখানাও বর্তমানে অর্থায়ণ ও ব্যবস্থাপনার অভাবে বন্ধ রয়েছে।

তিনি জানান, সরকারি রেশম কারখানা দু’টি বর্তমানে ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করার জন্যে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।