সড়ক দুর্ঘটনায় আহত ঢাবি ছাত্রের মৃত্যুর গুজবে শাহবাগে ভাংচুর: স্পিডব্রেকার, আন্ডারপাস নির্মাণের দাবি
রাজধানীর শাহবাগে সোমবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার শাহবাগে গাড়ি ভাঙ্চুর করে।
এ সময় প্রায় চার ঘন্টা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা এ সময় ওই এলাকায় আন্ডারপাস ও স্পিডব্রেকার নির্মাণের দাবি জানায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ঢাকার মেয়রও দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
দুপুরে আহত ছাত্র মোবারক হোসেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ওই উত্তেজনাপূনর্ণ অবস্থার সৃষ্টি হয়। এদিকে চিকিৎসকরা বলছেন, তার অবস্থা অশঙ্কাজনক তবে ৭২ ঘন্টা পার হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। মোবারক ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সে গুরুতর অবস্থায় বঙ্গবন্ধূ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সি ব্লকের ১০ তলায় ইনটেনসিভ কেয়ার ইউনিটের ছয় নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে।
তার বাড়ি নরসিংদী। পিতার নাম গোলাম রাব্বানী।
বিক্ষোভরত শিক্ষার্থীরা শাহবাগে দুর্ঘটনাস্থলে অবস্থান নেয় সেখানে আন্ডারপাস নির্মাণের দাবি জানায়। উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন। শিক্ষার্থীরা তারপরও ঘটনাস্থলে মেয়রের আসার দাবিতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সেখানে বসে থাকে। এ সময় প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ দু দফায় শিক্ষার্থীদের সাথে দেখা করেন। তিনি বলেন, আগামীকালের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণ শুরু করা হবে। আন্ডারপাস নির্মাণের জন্যে এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, যেহেতু এটি সিটি কর্পোরেশনের ব্যাপার, সেহেতু এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান না করা হলে আমিও আন্দোলনে নামবো।
প্রক্টর আরো জানান, সিটি কর্পোরেশনের এ কাজ মনিটরিংয়ের জন্যে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটিতে ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরও রাখা হবে।
দুপুর ৩টায় উপাচার্য, উপ--উপাচার্য আফম ইউসুফ হায়দার, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ পাঁচজনের একটি দল মেয়রের সাথে দেখা করেন। মেয়র এক সপ্তাহের মধ্যে আন্ডার পাস নির্মাণ শুরুর আশ্বাস দেন। এরপর বিকেল ৫টায় ছাত্র সংগ্র্মা পরিষদের সাথে উপাচার্য এক বৈঠকে তাদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। উপাচার্য তাদের আশ্বাস দেন, মোবারকের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।
এসময় শিক্ষার্থীরা বুধবারের মধ্যে শাহবাগে স্পিড ব্রেকার নির্মাণ এবং রোববারের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করার আল্টিমেটাম দেয়।
শাহবাগে একই জায়গায় দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনা ঘটলো। এর আগে এই জায়গায় ২০০৫ সালের মে মাসে ঢাবির শিক্ষার্থী শাম্মি আক্তার হ্যাপি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়।
