দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ৬ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছয়টি জেলার বিভিন্ন রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধের দাবি সরকার মেনে নিয়েছে। ফলে গত ছয়দিন ধরে চলতে থাকা পরিবহন ধর্মঘট সোমবার প্রত্যাহার নেয়া হয়েছে।
যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি’র সভাপতিত্বে ঢাকা রেলওয়ে ভবনে সরকারপক্ষের সাথে বাস মালিক--শ্রমিক সমিতির (বিওডব্লিউএ) মধ্যে অনুষ্ঠিত বৈঠকের প্রেক্ষিতে ধর্মঘটীরা তাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলো।
বিআরটিসি চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার এবং ৪৫টি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
দক্ষিণ--পশ্চিমাঞ্চলীয় ১৩টি জেলার ১৭৫টি রুট থেকে বিআরটিসি’র বাস চলাচল প্রত্যাহার করে নেয়ার দাবিতে বিওডব্লিউএ ৩ মে থেকে পরিবহন ধর্মঘট আহ্বান করে।
বিআরটিসির কোনো বাস স্বল্প দূরত্বে চলাচল করবে না বলে বৈঠকে সরকারের পক্ষ থেকে বিওডব্লিইএকে নিশ্চয়তা প্রদান করা হয়। পাশাপাশি সরকারি নিয়ম ও বিধি মোতাবেক বিআরটিসি বাস চলাচল করবে বলে পরিবহন নেতৃবৃন্দকে নিশ্চয়তা প্রদান করা হয়।
এদিকে বিআরটিসির চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার বিওডব্লিউএ’র দাবিকে গণবিরোধী, অনৈতিক ও বেআইনি বলে আখ্যায়িত করেছেন।
বিডিনিউজের সাথে আলাপকালে বিআরটিসি চেয়ারম্যান বিওডব্লিউএ নেতৃবৃন্দের দাবির কাছে নতি স্বীকার করে জনগণের স্বার্থ বিসর্জন দেওয়ায় সরকারের নীতিনির্ধারকরে প্রতি অসন্তোষ প্রকাশ করেন। সরকার নিয়মিতভাবে নতি স্বীকার করতে থাকলে বিআরটিসি’র বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
