অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সমর্থন চেয়েছে সিটিজেন্স গ্রুপ
‘সিটিজেন্স গ্রুপ ফর এ ভিশন ফর বাংলাদেশ’ (সিজিভিবি) সোমবার প্রার্থীর নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও অন্যান্য জনপ্রতিনিধির আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে।
সিজিভিবি গ্র“পের এক প্রতিনিধিদল সোমবার এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় গ্র“পের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। সভায় অবাধ ও জবাবদিহিমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে এনবিআরের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এম সায়েদুজ্জামান, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান, মেট্রোপলিটন শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি লায়লা রহমান কবির এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সিটিজেন্স গ্র“প পার্লামেন্ট সদস্যপ্রার্থীর সম্পদের পরিমাণ ও জবাবদিহিমূলক বক্তব্য প্রকাশ, প্রার্থীর নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের অন্যান্য জবাবদিহিতার সাথে সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করে এবং এ ব্যাপারে এনবিআরের সহযোগিতা কামনা করে।
দেবপ্রিয় ভট্টাচার্য দাবি করেন, প্রচলিত আইন অনুযায়ী আইনপ্রণেতারা করমুক্ত গাড়ি আমদানি ও মাত্র ১০ শতাংশ কর প্রদানের মাধ্যমে অঘোষিত সম্পদের হিসাব প্রদান থেকে পার পেয়ে যাওয়ার মতো অনেক অনৈতিক আর্থিক সুযোগসুবিধা ভোগ করেন।
তিনি নির্বাচন কমিশন (ইসি) ও এনবিআরের কাছে দেওয়া প্রার্থীর আর্থিক বক্তব্য মিলিয়ে দেখার দাবি জানান।
মতবিনিময় সভায় দুর্নীতিবাজ এমপি প্রার্থীদের খুঁজে বের করার জন্য সিটিজেন্স গ্র“পের পক্ষ থেকে ইসি, এনবিআর ও দুর্নীতি দমন কমিশনের (এসিসি) সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবি উত্থাপন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে প্রচলিত আইনে সংশোধনী আনতে হবে। তিনি বলেন, শাস্তিভোগের তিন বছর পরই একজন প্রার্থী এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
ইসি, এনবিআর ও এসিসি’র টাস্কফোর্স গঠন সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে ইসিকে পদক্ষেপ নিতে হবে।
খায়রুজ্জামান আরও বলেন, প্রচলিত আইনে সংশোধনী ছাড়া এনবিআর অথবা ইসির কেউই কারো সম্পদ ও দেনা বিষয়ে দেওয়া বক্তব্য জনসম্মুখে প্রকাশ করতে পারে না।
তিনি বলেন, এনবিআরের কাছ থেকে দেশের কোনো নাগরিকের আর্থিক সম্পর্কিত বক্তব্য পেতে ইসিকেও একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।
অবশ্য সাবেক অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামান সাংবাদিকদের বলেছেন, প্রচলিত আইনের অধীনেও অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।
