২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখড়া আন্দোলনের নেতারা রাতে বাড়িতে ঘুমাতে পারছেন না

নগরীর শনির আখড়ায় ‘পানি-বিদ্যুত সংগ্রাম পরিষদ’র নেতারা স্থানীয় সরকারদলীয় এমপি সালাউদ্দিনের ক্যাডারদের হুমকি ধামকিতে বাড়িতে ঘুমাতে পারছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এছাড়াও ‘ডেমরা নাগরিক কমিটি’র ব্যানারে সোমবার বিকেলে এমপি সালাউদ্দিনের ভাড়া করা লোকজন জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, স্থানীয় জনগণের নামে আওয়ামী লীগ ক্যাডাররা সালাউদ্দিন এমপির ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেছে।

তারা আরো দাবি করেন, সালাউদ্দিন এমপি ওই এলাকার সবচে জনপ্রিয় নেতা। তার ভাবমূর্তি নষ্ট করতেই বিরোধী দল এ ষড়যন্ত্র চালাচ্ছে।

এলাকার পানি ও বিদ্যুতের সঙ্কটের কথা স্বীকার করে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কিছু সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল মিথ্যা খবর প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করেছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  একের পর প্রশ্নে তারা খেই হারিয়ে ফেলে এক পর্যায়ে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে চলে যায়।

অপরদিকে ঢাকা সিটি মেয়রের আশ্বাস সত্ত্বেও ডেমরা এলাকায় বিদ্যুত ও পানির দাবি এখনো পূরণ হয়নি।

সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের পানি সরবরাহ অব্যাহত রাখলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পানি বিদ্যুত সংগ্রাম পরিষদ নেতা ও স্থানীয় জনতা বলছেন, আগামী শুক্রবারের মধ্যে তাদের আল্টিমেটাম শেষ হবে। এ সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে ১০১ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া তারা তাদের দাবির সমর্থনে শুক্রবার একটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, পানি বিদ্যুত সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা এমপি সালাউদ্দিনের ক্যাডারদের হুমকির ভয়ে রাতে বাড়িতে থাকতে পারছেন না।

অন্যদিকে কানসাট আন্দোলনের নেতা গোলাম রব্বানী রোববার ডেমরার ‘পানি--বিদ্যুত সংগ্রাম পরিষদের নেতা মোসলেহউদ্দিন মাসুদের সাথে কথা বলেন।

তিনি আন্দোলন সফল করতে তাকে বেশ কিছু পরামর্শ  দেন।