২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় কমিশনের নির্বাচন পর্যবেক্ষণ নির্ভর করছে টেকনিক্যাল টিমের রিপোর্টের ওপর

ইউরোপীয় কমিশনের (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নির্ভর করছে তাদের টেকনিক্যাল টিমের রিপোর্টের ওপর। ইসি’র টেকনিক্যাল টিম আগামী মাসে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ইউরোপ দিবস ২০০৬ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সোমবার ইসি প্রতিনিধি দলের প্রধান ড. স্টিফেন ফ্রোইন সাংবাদিকদের বলেন, বেশ কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি টেকনিক্যাল টিম নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জুন মাসে বাংলাদেশে আসবে।

তিনি বলেন, টেকনিক্যাল টিম প্রায় দু সপ্তাহের মতো সময় বাংলাদেশে কাজ করবে এবং সে অনুসারে ব্রাসেলসে অবস্থিত ইসি সদরদপ্তরকে তাদের রিপোর্ট প্রদান করবে।

রিপোর্টে যদি দেখা যায় যে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি নেই, তাহলে ইসি নির্বাচন পক্ষবেক্ষণ মিশন নাও পাঠাতে পারে।

তবে এ ব্যাপারে ইসি সদরদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

তিনি জানান, টেকনিক্যাল টিমের রিপোর্ট ইতিবাচক হলে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে নির্বাচন পর্যবেক্ষণ চালানো হবে সে ব্যাপারে আলোচনার জন্য নির্বাচনের তিন মাস আগে আরও একটি দল পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ডেনমার্কের রাষ্ট্রদূত নিয়েলস সেভারিন মাঙ্ক, জার্মানির ফ্রাঙ্ক মেইকি, নেদারল্যান্ডেসের কিস বিমস্টারবোয়ের, ইতালির প্রিয়েত্রো ব্যালেরো, সুইডেনের ব্রিট ফল্কম্যান হাগস্ট্রোম এবং ফ্রান্সের উপরাষ্ট্রদূতসহ ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেস ব্রিফিংকালে মাল্টা, গ্রীস এবং অস্ট্রেলিয়ার অনারারি কনসাল জেনারেলরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতরা ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক ও অর্থনৈতিক শর্তে ইউরোপীয় ইউনিয়ন গঠনের সাফল্য, অভিবাসন ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূতরা এক প্রশ্নের জবাবে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আপোস রফার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রাজনৈতিক অচলাবস্থা নিরসনের ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা প্রদান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্টিফেন বলেন, আমরা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে এখানে আসিনি। এটা আপনাদের ব্যাপার। কিন্তু সমাধানের সময় চলে যাচ্ছে।

আনোয়ার চৌধুরী বলেন, আমি এতটা আশাবাদী নই। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপোসরফা হওয়া সম্ভব।

তিনি বলেন, জনগণ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং এজন্য তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে আগ্রাসী রাজনীতি ত্যাগ করার ব্যাপারে কোনও চুক্তি হোক সেদিকে তারা তাকিয়ে আছে।

আগামী দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে চলমান দুর্নীতি প্রসঙ্গে রাষ্ট্রদূতরা বলেন, কোনও দেশের জন্যই এটা কোনও ভালো দিক নয়। এতে করে সম্পদের ব্যাপক অপচয় হয়।

দুর্নীতি পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ এবং সম্ভবনা হারাবে বলে অভিমত ব্যক্ত করেন আনোয়ার চৌধুরী।

যুক্তরাজ্য প্রয়োজনীয়তা অনুসারে অভিবাসী নিয়ে থাকে। এক্ষেত্রে বড় ধরনের অভিবাসন কার্যক্রমের মাধ্যমে যুক্তরাজ্যকে লাভবান করবে না বলেও তিনি জানান।